আসন্ন এশিয়া কাপের দল থেকে শ্রেয়স আইয়ারের বাদ পড়া সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের সবথেকে আলোচিত বিষয়গুলির একটি। গত দুটি আইপিএলে দুটি আলাদা আলাদা দলের হয়ে ফাইনাল খেলেছেন অধিনায়ক আইয়ার। এর পরেও তাঁকে কেবল এশিয়া কাপের ১৫ জনের স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়নি, তাঁর ঠাঁই হয়নি ৫ জনের রিজার্ভ তালিকাতেও। কেন হয়নি, সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই কারণই ব্যাখ্যা করলেন ইংল্যান্ডের প্রাক্তন বাঁহাতি স্পিনার মন্টি পানেসর।
শ্রেয়সের দলে জায়গা না পাওয়া নিয়ে টিম ইন্ডিয়ার গুরু গম্ভীরকে কটাক্ষ করেছেন পানেসর। তাঁর দাবি, শ্রেয়স এমন এক ক্রিকেটার যিনি সিনিয়র তো বটেই, একই সঙ্গে নেতৃত্বের অন্যতম প্রধান দাবিদার। আর এমন একজনকে পরিচালনা করা গম্ভীরের পক্ষে মোটেই সহজ নয়। সে কারণেই আইয়ারের পরিবর্তে তরুণ খেলোয়াড়দের কথা ভাবা হচ্ছে। বয়স কম হওয়ার কারণে যাদের নিয়ন্ত্রণে রাখা সহজ।
পানেসরের কথায়, “শ্রেয়স আইয়ারের ভারতীয় দলে জায়গা পেতে সমস্যা হওয়ার একটি কারণ হল, নেতৃত্বে তাঁর দক্ষতা রয়েছে। ফলে এই বিষয়টি টিম ম্যানেজমেন্টকে আইয়ারের পরিবর্তে দলে কমবয়সী কাউকে আনার সুযোগ করে দেয়। যে খেলতে উৎসাহী আবার সেই সঙ্গে তাঁকে পরিচালনা করাটাও গৌতম গম্ভীরের জন্য সহজ হবে।” যদিও এর সঙ্গেই ভারতীয় বংশোদ্ভূত স্পিনার যোগ করেছেন, “আমি মনে করি, আইপিএলের অধিনায়ক হিসেবে আইয়ারের পক্ষে জাতীয় দলে জায়গা পাওয়া কিছুটা কঠিন। কিন্তু যদি সে রান করে যেতে থাকে, তা হলে অবশ্যই তার খেলা উচিত।”
চলতি বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন আইয়ার। এর পর আইপিএলে ১৭৫ -এর স্ট্রাইক রেটে করেন ৬০০-র বেশি রান। যদিও গত ২০২৩ সালের ডিসেম্বর থেকেই ভারতের টি-টোয়েন্টি দলের অংশ নন তিনি। আর এই সময়েই ২০ টি ম্যাচের মধ্যে ১৭ টিতেই জয় পেয়েছে মেন ইন ব্লু। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ ফাইনালও। সেই প্রসঙ্গে আইয়ারের পাশাপাশি ভারতীয় দলের শক্তিশালী রিজার্ভ বেঞ্চের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পানেসর। বলেন, “এটা কেবলমাত্র প্রতিভা নয়। এক অবিশ্বাস্য প্রতিভার বিচ্ছুরণ। আমার মনে হয় না ভারত এত ভাগ্যবান আগে কখনও ছিল। তারা এখন সম্ভবত দুই বা তিনটি আলাদা দল তৈরি করে গোটা বিশ্বের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে পারে।”
