জমি কিনে আইনি বিতর্কে জড়ালেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। জানা গিয়েছে, ২০২৪-এর মে মাসে মুম্বই থেকে ৮৯ কিলোমিটার দূরে আলিবাগে একটি জমি কিনেছিলেন সুহানা। যে জমির দাম ১২.৯১ কোটি টাকা। অভিযোগ, ওই জমি কৃষকদের জন্য বরাদ্দ। আইন অনুযায়ী কৃষিজমি শুধুমাত্র কৃষকরাই কিনতে পারেন। তাই ওই জমি রেজিস্ট্রেশনের সময়ে সুহানাকে কৃষক হিসেবেই দেখানো হয়েছে।
শোনা যাচ্ছে সুহানা ওই জমি কিনেছেন প্রিয়া, অঞ্জলি ও রেখা নামে তিন বোনের কাছ থেকে। সুহানা কীভাবে কৃষক হলেন এবং কীভাবে তিনি কৃষিজমি কিনলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জমি কিনতে সুহানা ৭৭.৪৬ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দিয়েছেন । ইতিমধ্যেই অভিযোগের তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। রেসিডেন্ট ডেপুটি কালেক্টর এবং সংশ্লিষ্ট তহসিলদারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের আইন অনুযায়ী কৃষি জমি বিক্রি করার আগে জেলা প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কৃষি জমি ক্রয় বা বিক্রয় করা যায় না। অভিযোগ সুহানাকে কৃষক হিসেবে দেখানোর কারণ এই অনুমতি এড়ানোর কৌশল। তবে তদন্তে যদি কোনওরকম অনিয়ম প্রমাণ হয় তাহলে এই জমি কেনার চুক্তি বাতিল হতে পারে। এমনকী, অভিনেত্রীকে আইনি প্রক্রিয়ার মুখেও পড়তে হতে পারে। খুব শীঘ্রই এই তদন্ত রিপোর্ট প্রকাশ হবে বলে খবর।
জীবনে প্রথমবার সুহানা ওই জমিটি কিনেছিলেন। তবে ওই জমি কেনার এক বছরের মধ্যেই আলিবাগে একটি বাড়িও কিনেছেন শাহরুখ কন্যা। সেই বাড়ির দাম ১০ কোটি টাকা। তবে এই জমি বিতর্কে শাহরুখ বা তাঁর মেয়ে সুহানা কেউই মুখ খোলেননি।
বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। নেটিজেনরা অনেকেই বলেছেন, তারকারদের পরিবার হওয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। কেউ বলেছেন, মহারাষ্ট্রে এই ধরনের ভুয়ো পরিচয় ব্যবহার করে কৃষি জমি কেনাবেচা নতুন কোনও ঘটনা নয়। বহু ধনী পরিবার এভাবেই আইন এড়িয়ে চলেছেন। এখন দেখার, প্রশাসনিক তদন্তে কী হয়।
উল্লেখ্য সুহানা এ পর্যন্ত মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন। ‘দ্য আর্চিজ’ নামে ওই ছবি মুক্তি পেয়েছিল ওটিটি প্লাটফর্মে। তবে এই মুহূর্তে সুহানা তাঁর পরবর্তী ছবি ‘কিং’- এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে জমি বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখ কন্যা।
