আবারও আকাশ জুড়ে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে কলকাতা। আগামী ৭ সেপ্টেম্বর রবিবার রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ওই দিন লাল আভা দেখা যাবে চাঁদে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
৭ সেপ্টেম্বর রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ওই দিন ৮২ মিনিট ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ। তবে সামগ্রিক গ্রহণ প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে।
২০২২ সালের পর এত দীর্ঘক্ষণ ধরে চন্দ্রগ্রহণ হয়নি। শুধু চন্দ্রগ্রহণ নয়, ৭ সেপ্টেম্বর কলকাতার আকাশে দেখা যাবে ব্লাড মুন।
প্রশ্ন হল, চাঁদ কেন লাল হয়?
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন,
সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খায়। এই বায়ুমণ্ডল ছোট তরঙ্গ নীল এবং বেগুনিকে ছেঁকে নেয়। শুধু লাল ও কমলার মতো দীর্ঘ তরঙ্গ চাঁদে গিয়ে পৌঁছয়। সে কারণেই চাঁদকে লাল দেখায়।
৭ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে এই গ্রহণ। দিল্লি, কলকাতা, মুম্বই, পুণে, হায়দরাবাদ, লখনউ, চণ্ডীগড় থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। তবে গ্রহণ দেখার ক্ষেত্রে বাধা হতে পারে মেঘলা আকাশ ও বৃষ্টি।
ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানিয়েছেন, ভারতীয় সময় রাত ৮টা ৫৮ মিনিট শুরু হবে গ্রহণ। গ্রহণ ছাড়বে ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিটে। মাঝে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত। প্রায় ৮২ মিনিট সময় ধরে। ওই সময়ে চাঁদের রং থাকবে টকটকে লাল।
সন্দীপ আরও জানিয়েছেন, চাঁদের গায়ে অবিরত উল্কা আছড়ে পড়ছে। কিন্তু চাঁদের আলোর কারণে সেটা দেখা যায় না। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ে যদি সেই উল্কা আছড়ে পড়ার দৃশ্য দেখা যায় তবে সেটা হবে বাড়তি পাওনা। যা গবেষণার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করবে।
