প্রত্যাবর্তনের পথে ধোনি-শ্রীনি জুটি। তবে কি দেখা যাবে নতুন কোনও চমক? এ বছরের আইপিএলে মহেন্দ্র সিং ধোনিরা প্রত্যাশামতো
ফলাফল দিতে না পারায় ৮০ বছর বয়সী নারায়ণস্বামী শ্রীনিবাসন যে ক্রিকেট প্রশাসনে ফেরত আসছেন, সে খবর প্রকাশ্যে এসেছিল আগেই। ফের একবার চেন্নাই সুপার কিংসের চেয়ারম্যান হয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। এ দিকে এরই মধ্যে একটি প্রতিবেদন দাবি করা হয়েছে, দায়িত্ব নিয়েই স্নেহাস্পদ ধোনির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শ্রীনিবাসন।
গত ২০১১ সালে ধোনির নেতৃত্বে ভারত যখন ঘরের মাঠে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, সে সময় বোর্ডের সভাপতি ছিলেন শ্রীনি-ই। আর এ বার আবার দুজনের জুটি বাঁধার খবর সামনে আসছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, “চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিটির জনৈক কর্মকর্তা জানিয়েছেন, দায়িত্ব নিয়েই মিটিংয়ে যোগ দেন শ্রীনিবাসন। তিনি ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে এমএস ধোনির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। চেন্নাই সুপার কিংসের অন্যতম মুখ।”
আইপিএলের প্রথম মরশুম থেকে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্বে দেওয়ার সুবাদেই কর্ণধার নারায়ণস্বামী শ্রীনিবাসনের অন্যতম স্নেহভাজন হয়ে ওঠেন ধোনি। এর পর ভারতীয় ক্রিকেটেও ছড়ি ঘুরিয়েছে এই জুটি। যদিও শ্রীনিবাসন ভারতীয় বোর্ডের অন্যতম বিতর্কিত সভাপতি। তিনি সভাপতি থাকাকালীন অধিনায়ক ধোনি দল চালানোর নামে স্বেচ্ছাচার করেছেন বলেও দাবি করেন অনেকে। তবে আইপিএলের ইতিহাসে এই জুটি যে অত্যন্ত সফল তা আর বলার অপেক্ষা রাখে না।
আর এ বার ফের কাছাকাছি দুজনে। খুব স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। এ দিকে উক্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, শ্রীনিবাসন দায়িত্ব নেওয়ার পর আগামী ২৭ সেপ্টেম্বর একটি অনলাইন বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হবে সিএসকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। যেখানে ডিরেক্টর পদে পুনর্নিযুক্ত করা হতে পারে শ্রীনিবাসনের মেয়ে রূপা গুরুনাথকে।
