ফের বেলাগাম হুমকি আর হুঁশিয়ারি। কাঠগড়ায় মালদহ জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। বাঙালি অস্মিতা ইস্যুতে তিনি বললেন, ‘গলায় এমন ভাবে অ্যাসিড ঢালব যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায়’। নাম না করেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উদ্দেশে এমন হুঁশিয়ারি ছুড়েছেন মালতিপুরের তৃণমূল বিধায়ক।
ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমান ঘিরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল মালদহের মালতিপুর বিধানসভার এনায়েতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই বিক্ষোভ সমাবেশের মঞ্চ থেকেই তিনি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নাম না করে হুমকি দেন।
সভামঞ্চ থেকে বলেন, “যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছে তাঁর গলায় এমন ভাবে অ্যাসিড ঢালব, যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায়।” তিনি আরও বলেন, “বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে। এখানে যাঁরা বিজেপি করছেন, প্রতিবাদ করছে না তাঁদের জন্য বলছি, এলাকায় বিজেপি করা যাবে না। মানুষকে বলব বয়কট করুন। বিজেপির পতাকা ছিঁড়ে দিন।”
মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির এমন কুকথা কিংবা কুবাক্য এই প্রথম নয়, মাঝে মধ্যেই বেলাগাম মন্তব্য কিংবা বিতর্কিত বক্তব্য পেশ করে, খবরের শিরোনামে জায়গা করে নেন। বাংলা ভাষার অপমান আর ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে বলেছেন, “যে চোখ দিয়ে বাঙালিদের বাংলাদেশি দেখা হচ্ছে, সেই চোখ উপড়ে দেব।”
তাঁর কুবাক্য থেকে ছাড়া পাননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তাঁর চোখে মোদি-শাহ হলেন পাতি রাজনৈতিক নেতা। কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক প্রসঙ্গে বলেছিলেন, ”এখানকার বিজেপি নেতারা স্বীকার করে নিয়েছে ভুল হয়েছিল’। যে ভাবে তোমরা পুশব্যাক করেছো, সেভাবে তোমাদেরও লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেব। তারপর দেখব তোমার মা, বাবা, ভাই কেমন করে কাঁদে’।
দলীয় সমাবেশে বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করতে গিয়ে হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন মালদহ জেলার মালতিপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূল জেলা সভাপতির এমন বেলাগাম হুমকি ও হুঁশিয়ারি ঘিরে সরব হয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। পদ্মশিবিরের বক্তব্য, ছাব্বিশের ভোটে হারের ভয়ে প্রলাপ বকছেন। বক্সির মন্তব্যের তীব্র নিন্দা করে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, শাসক দল ভয় দেখানো এবং হিংসার সংস্কৃতি লালন করছে।
মালদহ উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেছেন, এই ধরনের হুমকি রাজ্য নির্বাচনের আগে শাসক দলের হতাশাকেই প্রতিফলিত করে। তিনি বলেন,”এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। তাদের কাজ হল মানুষকে ভয় দেখানো। মালদহে এখন এই ধরনের বক্তব্য সবসময় ঘটছে। তৃণমূলের জেলা সভাপতি প্রায়ই খবরে আসার জন্য এই ধরনের কথা বলেন। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল হেরে যাবে এই ভয় এখন থেকেই তাঁদের মধ্যে কাজ করছে”।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সেই ভোটের দিকে লক্ষ্য রেখে জনসংযোগ বাড়ানোর কাজে নেমে পড়েছে শাসকদল থেকে বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্কবার্তা দিয়েছেন দলের নেতা ও কর্মীদের উদ্দেশে। বলেছেন, প্রকাশ্যে অবমাননাকর বা উস্কানিমূলক ভাষা ব্যবহার না করতে। স্মরণ করিয়েছেন একশ্রেণির নেতাদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দলেরই ভাবমূর্তি নষ্ট করে। শীর্ষ নেতৃত্বের সেই সতর্কবার্তা কিন্তু মেনে চলেন না মালদহ জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। তাই বারবার কুকথার শিরোনামে থাকে তাঁর নাম।
