বিশ্ব দাবায় আবারও ভারতের দাপট। গ্র্যান্ডমাস্টার রমেশবাবু বৈশালি ইতিহাস গড়লেন, প্রথম ভারতীয় হিসেবে ফিডে উইমেন্স গ্র্যান্ড সুইস শিরোপা টানা দ্বিতীয়বার জিতে।
শেষ রাউন্ডে বৈশালির মুখোমুখি হন মহিলা বিশ্বচ্যাম্পিয়ন চিনের তান ঝংই। লড়াই জমলেও বৈশালি ড্র ধরে রাখেন এবং একক নেতৃত্ব নিশ্চিত করেন। এই জয়ের ফলে আগামী বছরের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জায়গা পাকা করলেন তিনি।
ভারতের হয়ে এবার মহিলাদের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে তিনজন প্রতিনিধিত্ব করবেন, কোনেরু হাম্পি, বিশ্বকাপজয়ী দিব্যা দেশমুখ ও রমেশবাবু বৈশালি। এখান থেকেই ঠিক হবে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের প্রতিদ্বন্দ্বী কে হবেন।
বৈশালি আগেই ২০২৩ সালে এই শিরোপা জিতেছিলেন। এবার তা ধরে রেখে নিজেকে সেরাদের সারিতে প্রতিষ্ঠিত করলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈশালির সাফল্যে শুভেচ্ছা জানিয়ে এক্স-এ লিখেছেন, “অসাধারণ অর্জন। বৈশালি রমেশবাবুকে অভিনন্দন। তাঁর উদ্দীপনা ও নিষ্ঠা অনুকরণীয়। আগামীর জন্য শুভকামনা।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বৈশালিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন, “টানা দ্বিতীয়বার ফিডে গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জেতার জন্য বৈশালি রমেশবাবুকে অভিনন্দন। এটি এক অনন্য সাফল্য। তাঁর পরিবার ও বন্ধুদেরও শুভেচ্ছা জানাই।”
