ক্রিপ্টোকারেন্সিতে বেশি টাকা রিটার্নের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। খ্যাতনামা হেয়ার স্টাইলিস্টি জাভেদ হাবিব এবং তাঁর ছেলে আনাস হাবিবের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করল উত্তর প্রদেশের সম্ভল জেলার পুলিশ। পুলিশের তদন্তকারী দলের সদস্যরা জানিয়েছেন, সপুত্র জাভেদ হাবিব এবং আরও ৩ জন Follicile Global Company (এফএলসি) নামে একটি কোম্পানি খুলে ১৫০ জনেরও বেশি লোককে প্রতারিত করেছেন।
অভিযোগ, ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ লাভের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগে প্রলুব্ধ করা হয়েছিল। এফএলসিকে সামনে রেখে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে কোম্পানির অ্যাকাউন্টে জমা করা হত। বিনিয়োগকারীরা যখন তাঁদের টাকা ফেরত চাইতে যান, তখনই অভিযুক্তরা তাদের এফএলসিকে বন্ধ করে পালিয়ে যান বলেও অভিযোগ উঠেছে।
সম্ভল জেলার পুলিশ সুপার কে কে বিষ্ণোই সংবাদমাধ্যমের সামনে বলেছেন, ”সম্ভলের রয়েল প্যালেস ব্যাঙ্কোয়েট হলে একটি রীতিমতো অনুষ্ঠান করে পথচলা শুরু করেছিল এফএলসি। উচ্চ রিটার্নের লোভ দেখিয়ে তোলা হত লক্ষ লক্ষ টাকা। দেওয়া হয়েছিল এক বছরের মধ্যে ৫০%-৭৫% রিটার্নের প্রতিশ্রুতি। বিনিয়োগকারীরা তাঁদের রিটার্ন দাবি করা শুরু করতেই, অভিযুক্তরা কোম্পানিটি বন্ধ করে পালিয়ে যায়।”
পুলিশ সূত্রে খবর, জালিয়াতির ঘটনাটি ২০২৩ সালের। তদন্তে উঠে এসেছে, সাইফুল নামে একজনের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা স্থানান্তরিত হয়েছে, অভিযুক্ত সাইফুল নিজেকে সেই সময় কোম্পানির পরিচালক বলে দাবি করেছিলেন। জালিয়াতির গুরুতর ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।
