
দুর্গাপুজোর বিসর্জন পর্ব মেটার আগেই নতুন করে জল ছাড়ল ডিভিসি। বিজয়া দশমী কাটতে না কাটতে রাজ্যকে না জানিয়ে, ৬৫ হাজার কিউসেক জল ছাড়ার অভিযোগ তুলেছেন স্বয়ং মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোসাল মিডিয়া অ্যাকাউন্টে ডিভিসির ফের জল ছাড়াকে ঘিরে তোপও দেগেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।ডিভিসির এমন পদক্ষেপকে বেপরোয়া কাজ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। লিখেছেন, ”এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। অবহিত না করে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ।”
বঙ্গোপসাগরে একের পর এক নিন্মচাপের জেরে, সেই দেবীপক্ষের সূচনা থেকে গোটা বাংলা বেহাল টানা বৃষ্টিতে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যোগ হয়েছে ডিভিসির ছাড়া জল। দুয়ের আঘাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা একরকম বানভাসি। এমনই আবহে বিজয়া দশমী কাটতে না কাটতে ডিভিসির নতুন করে জল ছাড়ায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোসাল মিডিয়ায় সেই ক্ষোভই তিনি তুলে ধরেছেন একাদশীর সকালে। লিখেছেন, ”বিজয়া দশমী দুর্গাপূজার সমাপ্তি । আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। এমন আবহে পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, ডিভিসি কোনও পূর্ব নোটিশ ছাড়াই ফের ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে।
এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।”মমতা আরও লিখেছেন, ”আমি স্পষ্ট করে বলতে চাই, কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র, পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সত্য, মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা, অশুভের উপর জয়লাভ করবে। জয় মা দুর্গা…”
