
কয়লা পাচার ও বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় তদন্তের গতি আরও বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের স্ত্রী বার্বি জৈন এবং ভাই পুলকিত জৈনকে তলব করা হয়েছে বলে জানা গেছে। আগামী বুধবার তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।
সূত্রের খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য যাচাই করতেই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই মামলায় নতুন তথ্য উঠে আসতে পারে।
এর আগে গত ২ এপ্রিল প্রতীক জৈনকে দিল্লিতে তলব করা হয়েছিল। তবে তিনি নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতায় হাজিরা দেওয়ার অনুমতি চান। সেই মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। আদালত ইতিমধ্যেই জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া চলতে পারে।
এই পরিস্থিতিতেই প্রতীক জৈনের পরিবর্তে তাঁর পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হল বলে জানা যাচ্ছে। এর আগে আইপ্যাকের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। সেই তদন্তের সূত্রেই সোমবার আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চন্দেলকে গ্রেপ্তার করা হয়।
ইডি সূত্রে দাবি, বেআইনি আর্থিক লেনদেন ও সম্ভাব্য হাওয়ালা যোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, সংগঠনের বিভিন্ন আর্থিক লেনদেনের উৎস ও ব্যবহার নিয়ে একাধিক অসঙ্গতি সামনে এসেছে।
তবে এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, ভোটের আবহে তদন্ত সংস্থার এই তৎপরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হচ্ছে, এটি সম্পূর্ণ প্রমাণভিত্তিক তদন্তের অংশ।
আইপ্যাক সংক্রান্ত মামলায় তদন্তের পরিধি আরও বাড়ছে এবং আগামী দিনে এই মামলায় আরও গুরুত্বপূর্ণ নাম সামনে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
