
ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। তার আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া দল। আবারও চোটের কারণে ছিটকে গেলেন দলের অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন মার্নাস লাবুশেন। রবিবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওডিআই সিরিজ, কিন্তু সিরিজের আগেই একের পর এক খেলোয়াড় চোটে আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়া শিবিরে চিন্তার ভাঁজ স্পষ্ট।
গ্রিন কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারেননি চোটের জন্য। এরপর ঘরোয়া ক্রিকেটে মাঠে ফিরলেও পুরোপুরি ফিট ছিলেন না। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলশের বিরুদ্ধে ম্যাচে মাত্র চার ওভার বল করেন তিনি। সেই সময়ও শারীরিকভাবে ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন রিহ্যাবে থাকার পরামর্শ দেন। ফলে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজে খেলা হচ্ছে না তাঁর।
অন্যদিকে, তাঁর জায়গায় দলে আসা লাবুশেন বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঘরোয়া শেফিল্ড শিল্ডে তিনি একাধিক শতরান করেছেন। সাউথ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুইন্সল্যান্ডের হয়ে শতরান করেই জাতীয় দলে ফের ডাক পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। অ্যাডিলেডে ম্যাচ শেষ করেই পারথে গিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।
ভারত সফরের পরেই শুরু হবে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ। তাই গ্রিনকে সম্পূর্ণ সুস্থ রাখতেই ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। একের পর এক চোটে অস্ট্রেলিয়া দলে ভর করেছে উদ্বেগ, যা ভারত সফরের আগে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
