
রাজ্যজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক। আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য ও বিএলও-দের ব্যবহৃত সফটওয়্যারের নির্দেশে মিল না থাকায় বিপাকে পড়েছেন বুথ লেভেল অফিসাররা। এর ফলে একাধিক জেলায় ডেটা এন্ট্রির কাজ কার্যত স্থবির হয়ে পড়েছে।
তৃণমূল কংগ্রেস জানিয়েছে, আত্মীয়ের তথ্য দেওয়ার ক্ষেত্রে কমিশনের ব্যাখ্যা ও অফিসিয়াল সফটওয়্যারের কাঠামোর মধ্যে বড় অসঙ্গতি রয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছিল, ভোটার তালিকার তথ্য সংগ্রহের সময় নাগরিক চাইলে নিজের নামের সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়ের তথ্যও দিতে পারবেন। কিন্তু বিএলওদের ব্যবহৃত BLO App-এ দেখা যাচ্ছে সীমিত বিকল্প শুধু বাবা, মা, ছেলে, মেয়ে, নাতি, নাতনি এবং ট্রান্সজেন্ডার। ফলে অন্য আত্মীয়দের নাম যুক্ত করা সম্ভব হচ্ছে না।
ফলে বহু প্রকৃত নাগরিকের তথ্য ফর্মে থাকা সত্ত্বেও তা সফটওয়্যারে আপলোড করা যাচ্ছে না। এই সমস্যার জেরে রাজ্যের একাধিক বুথে কাজের গতি মারাত্মকভাবে কমে গেছে। তৃণমূলের পক্ষ থেকে কমিশনকে চিঠি দিয়ে দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ব্যাখ্যা ও মাঠ পর্যায়ের নির্দেশিকা না মেলায় প্রশাসনিক বিভ্রান্তি আরও বাড়ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক মহলের মতে, এই বিভ্রান্তি দূর না হলে SIR প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে।
কমিশনের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাত পর্যন্ত রাজ্যে ২.০১ কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। মোট ৮০ হাজারের বেশি বুথে এই কাজ চলছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির তরফে ৬০ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হয়েছে। এর মধ্যে বিজেপি, তৃণমূল, সিপিএম ও কংগ্রেস সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। রাজ্য প্রশাসন এখন অপেক্ষা করছে কেন্দ্রীয় কমিশনের স্পষ্ট নির্দেশের।
