
স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়ায় আবারও অনিশ্চয়তার ছায়া। অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ নিয়ে মামলা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দীর্ঘ শুনানির পর আদালত জানিয়েছেন, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা গেলেও চূড়ান্ত মেধাতালিকা এখনই প্রকাশ করা যাবে না। সেই সিদ্ধান্ত নির্ভর করবে মামলার রায়ের উপর, যার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১২ নভেম্বর।
মূল বিতর্কের কেন্দ্রবিন্দু হল, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দেওয়া ১০ নম্বর ইন্টারভিউয়ের আগে যোগ হবে নাকি পরে। অভিজ্ঞ শিক্ষকরা যুক্তি দিয়েছেন, এটি ন্যায্য সুবিধা। তবে নতুন চাকরিপ্রার্থীদের দাবি, এতে তারা অন্যায্যভাবে বঞ্চিত হচ্ছেন। তাঁদের মতে, অভিজ্ঞতা কখনওই একাডেমিক যোগ্যতার অংশ নয়। অন্যদিকে, কমিশনের পক্ষের আইনজীবীরা বলেন, নিয়মে আগে থেকেই এই নম্বরের কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল এবং প্রার্থীরা তা জেনেই পরীক্ষায় অংশ নিয়েছেন। তাই এখন সেটি প্রশ্ন তোলা যুক্তিযুক্ত নয়।
অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, পরীক্ষা দেওয়ার পর নিয়ম চ্যালেঞ্জ করা যায় না। অপরদিকে, আবেদনকারীদের আইনজীবীরা বলেন, এতে বৈষম্যের সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে অভিজ্ঞ শিক্ষকরা যাঁরা আগেই চাকরিতে আছেন, তাঁরা ডেমো টিচিংয়েও বাড়তি সুবিধা পেতে পারেন।
সব পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি অমৃতা সিনহা রায় দেন যে, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে, তবে ফাইনাল রেজাল্টের ঘোষণা রায় ঘোষণার পরেই সম্ভব। ফলে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীকে চূড়ান্ত ফলাফলের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
