
ভারতীয় ক্রিকেট ও বিনোদন জগতের সম্পর্ক নতুন নয়। বহু সময়েই ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা তৈরি হয়। এবার সেই তালিকায় উঠে এল ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম। এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছেন বাঙালি মডেল ও অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। তাঁর কথায়, সূর্যকুমার যাদব এক সময় তাঁকে নিয়মিত মেসেজ পাঠাতেন।
খুশি মুখোপাধ্যায় জানান, “অনেক ক্রিকেটারই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করত। সূর্যকুমার যাদবও আমাকে বহুবার মেসেজ পাঠিয়েছেন। তবে এখন আমাদের মধ্যে আর কোনও যোগাযোগ নেই। আমি কারও সঙ্গে নিজের নাম জড়াতে চাই না।” অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, বর্তমানে তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই এবং এই ধরনের বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চান।
উল্লেখযোগ্য বিষয় হল, সূর্যকুমার যাদব বিবাহিত এবং এর আগে তাঁর নাম ঘিরে কখনও এই ধরনের অভিযোগ সামনে আসেনি। ফলে খুশির এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। যদিও এই দাবি নিয়ে এখনও পর্যন্ত সূর্যকুমার যাদব বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কে এই খুশি মুখোপাধ্যায়?
১৯৯৬ সালের ২৪ নভেম্বর কলকাতায় জন্ম খুশির। তিনি দক্ষিণী চলচ্চিত্র জগতের পাশাপাশি কিছু হিন্দি ছবিতেও কাজ করেছেন। ২০১৩ সালে তামিল ছবি ‘অঞ্জল থুরাই’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। পরে তেলুগু ছবি ‘ডোঙ্গা প্রেমা’, ‘হার্ট অ্যাটাক’ এবং হিন্দি ছবি ‘শৃঙ্গার’-এ অভিনয় করেছেন। পাশাপাশি বোল্ড ওয়েব সিরিজে কাজ করে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন খুশি।
অন্যদিকে, পাঁচ মাস পরেই শুরু হতে চলেছে ২০২6 আইসিসি টি-২০ বিশ্বকাপ। এই প্রথমবার বিশ্বকাপে অধিনায়ক হিসেবে নামবেন সূর্যকুমার যাদব। দেশের মাটিতে ভারতকে ফের চ্যাম্পিয়ন করার লক্ষ্যেই এখন প্রস্তুতিতে মন দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও, বিশ্বকাপের আগে নিজেকে সেরা ছন্দে ফেরানোই তাঁর একমাত্র লক্ষ্য। বিতর্কের মাঝেও মাঠের পারফরম্যান্স দিয়েই জবাব দিতে চান ভারতীয় দলের এই তারকা ব্যাটার।
