
উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার ভিকিয়াসৈন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
আলমোড়া জেলার এসএসপি দেবেন্দ্র পিঞ্চা জানিয়েছেন, বাসটি দ্বারহাট থেকে নৈনিতালের রামনগরের দিকে যাচ্ছিল। ভিকিয়াসৈন থেকে প্রায় ছ’কিলোমিটার দূরে একটি বাঁকে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় বাসে মোট ১৮ থেকে ১৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক হঠাৎ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পাহাড়ি রাস্তায় তীব্র বাঁক ও ঢালু পথ দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও উদ্ধারকারী দল। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।
পুলিশের মতে, ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও এক জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি প্রশাসনকে দ্রুত ও সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী যান চলাচলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে এই ঘটনার পর।
