
অনুপ্রবেশকারী ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের টানাপড়েন আরও তীব্র হল। পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেস সরকারকে দুষলেও, পাল্টা কড়া আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, স্বাধীনতার পর দেশের “সবচেয়ে ব্যর্থ ও অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী” হলেন অমিত শাহ।
অভিষেকের প্রশ্ন, শুধু কি বাংলাতেই অনুপ্রবেশকারী রয়েছে? পহেলগাম ও দিল্লিতে যে ঘটনা ঘটেছে, তার দায় কে নেবে? দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব যাঁর হাতে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকেই তো জবাবদিহি করতে হবে। এইসব জায়গায় তো তৃণমূল সরকার নেই। তাঁর দাবি, ২০১৪ সাল থেকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এবং গত ছয় বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে কোথাও অনুপ্রবেশ হলে দায় এড়ানোর সুযোগ নেই।
অভিষেক আরও বলেন, বিজেপির সাংসদরাই নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ঘুষপেটিয়ার অভিযোগ তুলেছেন। অথচ সেই স্বরাষ্ট্রমন্ত্রীই এসে বাংলায় অনুপ্রবেশ বন্ধ করার কথা বলছেন। তাঁর মতে, মানুষকে বিভ্রান্ত করার আগে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত।
অন্যদিকে, অমিত শাহ কলকাতায় সাংবাদিক বৈঠক করে জানান, অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারের সহযোগিতা মিলছে না। তাঁর দাবি, সীমান্ত সংক্রান্ত পরিকাঠামোর জন্য জমি চেয়ে একাধিকবার চিঠি পাঠানো হলেও রাজ্য সরকার জমি দেয়নি। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য জমি না দিলে রেললাইন বা কয়লা প্রকল্প কীভাবে হল? তাঁর প্রশ্ন, কাশ্মীরেও কি অনুপ্রবেশ হয় না? পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে তিনি কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
সব মিলিয়ে, অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র-রাজ্যের রাজনৈতিক চাপানউতোর নতুন করে উত্তপ্ত হল।
