
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থনের বার্তা দিলেন রাজ্যের হিন্দিভাষী সমাজ। রবিবার কলকাতার বড়বাজারে আয়োজিত ‘লিট্টি চোখা উৎসব’-এর মঞ্চ থেকেই স্পষ্টভাবে জানানো হয়, উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তাঁরা।
উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, ডা. সুদীপ্ত রায়, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, বাবুন বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে করেই অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত বক্সি বলেন, রাজ্যে ভাষা বা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির কোনও জায়গা নেই। যাঁরা অন্য রাজ্য থেকে এসে বাংলায় বসবাস করছেন, তাঁরাও এই রাজ্যের উন্নয়নের অংশীদার। উন্নয়নের নিরিখেই আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
কুণাল ঘোষ তাঁর বক্তব্যে বলেন, বাংলা শুধু বাংলাভাষীদের নয়, এই রাজ্য তাঁদেরও, যাঁরা অন্য রাজ্য থেকে এসে এখানে স্থায়ীভাবে বসবাস করছেন বা জীবিকার জন্য বাংলাকে আপন করে নিয়েছেন। ধর্ম বা ভাষার ভিত্তিতে বিভেদ তৈরির চেষ্টা সফল হবে না। তিনি আরও বলেন, রাজ্য সরকারের ৯৩টি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা ভাষা বা ধর্ম নির্বিশেষে সকলেই পাচ্ছেন। উন্নয়নই তৃণমূলের রাজনীতির মূল ভিত্তি।
এই উৎসবের আয়োজন করেন কলকাতা তৃণমূলের নেতা ও স্থানীয় জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং। তিনি বলেন, বিহার ও অন্যান্য রাজ্য থেকে আসা হিন্দিভাষী মানুষজন একজোট হয়ে তৃণমূলের পাশে দাঁড়াবেন এবং আবারও দলকে জেতাতে সক্রিয় ভূমিকা নেবেন। বড়বাজারের এই লিট্টি চোখা উৎসব রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। হিন্দিভাষী সমাজের এই প্রকাশ্য সমর্থন ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূলের কাছে বাড়তি শক্তি হয়ে উঠতে পারে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
