
রাজ্যে শিল্প ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দুই দিনের সফরে জাপানের টোকিও পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি জাপান সফরে একাধিক শিল্পপতি ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরের মূল লক্ষ্য উত্তরপ্রদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো।
এই সফরের ঠিক আগে সিঙ্গাপুরে গিয়েও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রায় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে প্রায় ৬০ হাজার কোটি টাকার সমঝোতা চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। রাজ্যকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করা হয়েছে।
সরকারি সূত্রের মতে, জাপান সফরের সময় বিভিন্ন শিল্পগোষ্ঠী এবং বিনিয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনা হবে। শিল্প, অবকাঠামো, প্রযুক্তি এবং উৎপাদন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খোঁজা হবে এই বৈঠকগুলিতে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে উত্তরপ্রদেশকে একটি সম্ভাবনাময় শিল্প গন্তব্য হিসেবে তুলে ধরাই এই সফরের অন্যতম উদ্দেশ্য।
এর আগে সিঙ্গাপুরে আয়োজিত একটি বিনিয়োগ রোড-শোতেও অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, উত্তরপ্রদেশ এখন দ্রুত উন্নয়নশীল এবং বিনিয়োগের জন্য নিরাপদ একটি রাজ্য। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি জানান, রাজ্যে শিল্প স্থাপনের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। গত কয়েক বছরে উত্তরপ্রদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে দেশের জিডিপিতে রাজ্যের অবদানও বাড়ছে।
সরকারের দাবি, উন্নত অবকাঠামো, দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া এবং শিল্পবান্ধব নীতির কারণে উত্তরপ্রদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। জাপান সফরের মাধ্যমে সেই বিনিয়োগ আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে।
