হায়দরাবাদের রাম কৃষ্ণ পুরমের গ্রিন হিলস কলোনির বাসিন্দা তেজা চন্দ্র মৌলি যুক্তরাষ্ট্রে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলিতে নিহত হয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় তেজা বাড়ি ফিরছিলেন। গুলির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেজার বাবা কৈদা চন্দ্র মৌলি সাংবাদিকদের জানান, “সকালে খবর পেলাম যে তেজা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। অনেক স্বপ্ন নিয়ে সে আমেরিকায় পাড়ি দিয়েছিল, কিন্তু এমন নির্মম পরিণতি হবে কল্পনাও করতে পারিনি।”
২০২২ সালে স্নাতকোত্তর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তেজা। পড়াশোনা শেষে কর্মজীবন শুরু করার লক্ষ্যে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি। তবে হঠাৎ তার এভাবে মৃত্যুর খবরে পরিবার শোকে ভেঙে পড়েছে।
এটি প্রথম নয়, এর আগে ২০২৪ সালের ৩০ নভেম্বর তেলেঙ্গানার খাম্মাম জেলার সাই তেজা নুকারাপু নামের এক শিক্ষার্থীও যুক্তরাষ্ট্রে প্রাণ হারান। শিকাগোর একটি গ্যাস স্টেশনে কাজ করার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে হত্যা করে। ২২ বছর বয়সী সাই তেজা ভারতে বিবিএ শেষ করে যুক্তরাষ্ট্রে এমবিএ পড়ছিলেন।
ভারতীয় তরুণদের যুক্তরাষ্ট্রে এভাবে মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। পরিবারগুলোর দাবি, মার্কিন প্রশাসন যেন এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে।
