
কলকাতার কসবা এলাকায় ভোরবেলায় এক নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোসপুকুর এলাকায় নিজের ঘরে ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার ভোরে, আর এই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকে তাঁদেরই ছোট মেয়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিনোদ সিংহ। মৃতার নাম স্বপ্না সিংহ। স্থানীয়দের অভিযোগ, বিনোদ প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন। সংসারের খরচ মূলত স্বপ্নার রোজগারেই চলত। সেই টাকাই প্রায়শই দাবি করতেন বিনোদ। টাকা না পেলেই শুরু হত ঝামেলা, এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে।
শনিবার রাতেও একই ঘটনা ঘটে। রাত প্রায় ১০টা নাগাদ বাড়ি ফিরে স্বপ্নার কাছে চার হাজার টাকা চান বিনোদ। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বিষয়টি তখনই থেমে গেছে বলে মনে করেছিলেন প্রতিবেশীরা।
কিন্তু ভোরে ফের ঘটে বিপর্যয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে আবার বাড়ি ফেরেন বিনোদ। দরজায় জোরে ধাক্কা দিলে তাঁর মেয়ে দরজা খুলে দেয়। ঘরের ভিতরে তখন ঘুমিয়ে ছিলেন স্বপ্না। অভিযোগ, আচমকাই ছুরি নিয়ে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন বিনোদ এবং একাধিক আঘাত করেন। মায়ের চিৎকারে আতঙ্কিত হয়ে পড়ে ছোট মেয়ে।
চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে ফেলেন স্থানীয়রাই। গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। মৃতার মেয়ের বয়ান এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং টাকার বিবাদ থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় ফের সামনে এল গার্হস্থ্য হিংসার ভয়াবহ চিত্র। একটি শিশুর সামনে মায়ের এমন পরিণতি সমাজের কাছে বড় প্রশ্ন তুলে দিচ্ছে ঘরের ভেতরের সহিংসতা কতটা ভয়ংকর রূপ নিতে পারে? তদন্তের মাধ্যমে ঘটনার সম্পূর্ণ সত্য সামনে আসবে বলে আশা পুলিশের।
