
তানিয়া বাগচী , কলকাতা : মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায় একটি নির্বাচনী সভায় এই মন্তব্য করেন। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।
শনিবার রাতে জলপাইগুড়ির বারোগরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী নরেশ রায় মহাত্মা গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন তিনি। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “বাংলা এই নির্লজ্জ অপমান সহ্য করবে না।” পাশাপাশি বিজেপির আদর্শ ও মনোভাবের কড়া সমালোচনা করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে অবমাননা করা হচ্ছে এবং বিভাজনের রাজনীতি করা হচ্ছে।
রবিবার প্রতিবাদ স্বরূপ দলীয় কার্যালয়ে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং মন্ত্রী শশী পাঁজা।
এদিন কুণাল ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তোলেন। তাঁর দাবি, “বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এ ধরনের মন্তব্য পরিস্থিতি উত্তপ্ত করতে পারে।” তিনি সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিজেপির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
