
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিন মুর্শিদাবাদের নওদায় ভয়াবহ অশান্তির ছবি সামনে এল। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর-কে লক্ষ্য করে হামলা, তাঁর গাড়ি ভাঙচুর এবং রাজনৈতিক সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হল এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নওদার শিবনগর এলাকায় সকালে নিজের কনভয় নিয়ে যাওয়ার সময় হুমায়ুন কবীরের পথ আটকে দেওয়া হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে একদল কর্মী-সমর্থক তাঁর গাড়ির সামনে বাঁশ ফেলে গতি রোধ করে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কনভয়ের একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি পোলিং এজেন্টদের গাড়ির দিকেও ইট ছোড়া হয় বলে অভিযোগ।
এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। বাঁশ ও লাঠি হাতে মুখোমুখি হয়ে পড়ে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ, কিন্তু উত্তেজিত জনতার সামনে প্রথমদিকে তারা কার্যত বেকায়দায় পড়ে যায়। ধস্তাধস্তি ও উত্তপ্ত বাক্যবিনিময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পরিস্থিতি চরমে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। দীর্ঘ সময় ধরে টানটান উত্তেজনার পর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হুমায়ুন কবীরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকায় কড়া নজরদারি চলছে।
এই ঘটনার জেরে নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে, আমজনতা উন্নয়ন পার্টির দাবি, পরিকল্পিতভাবে তাদের প্রার্থীকে আক্রমণ করা হয়েছে যাতে ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়।
ভোটের দিনেই এমন সহিংস ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। নওদার পরিস্থিতি এখনও থমথমে, এবং প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।
