রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এবার এই কথাই জানালেন ট্রাম্প। তবে তিনি এও জানিয়ে সতর্কও করেছেন যে, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার জন্য এগিয়ে না আসে তবে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে রাশিয়ার উপর। পুতিন আলোচনায় না এলে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, “এটাই করা উচিত বলে মনে হয়”।
ট্রাম্প বলেন, “সংঘাত কখনোই শুরু করা উচিত হয়নি। আমার মনে হয় সেই সময় একজন যোগ্য প্রেসিডেন্ট ছিলেন না। আমি থাকলে যুদ্ধ হতো না। আমি প্রেসিডেন্ট হলে ইউক্রেনে কখনোই যুদ্ধ হতো না।” মার্কিন প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া কখনোই ইউক্রেনে যেত না। পুতিন এবং আমার মধ্যে খুব ভাল আর শক্তিশালী বোঝাপড়া ছিল। এটা কখনই হয় না। তিনি জো বাইডেনকে অসম্মান করেছিলেন। মানুষকেও অসম্মান করতেন। তিনি স্মার্ট। তিনি বোঝেন।”
“এছাড়া, পশ্চিম এশিয়ায় এই সব কখনই ঘটত না কারণ ইরান খুব দুর্বল ছিল,” এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি যে কোনো সময় পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত। ট্রাম্প বলেন,”তিনি যখনই চাইবেন আমি তার সাথে দেখা করব”। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে, বেশিরভাগই সৈন্য… এটি নিঃসন্দেহে এক ভয়ানক পরিস্থিতি। বহু মানুষ নিহত হয়েছেন ইতিমধ্যেই এবং শহরগুলো একবারে ধ্বংস হয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র পাঠানো অব্যাহত রাখবে কি না, বা শীঘ্রই তা বন্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি দেখছেন। ট্রাম্প বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা জেলেনস্কির সাথে কথা বলছি। আমরা খুব শীঘ্রই প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলতে যাচ্ছি, এবং আমরা দেখব এর পরে কী হয়।” ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁকে বলেছেন, যুদ্ধ নয়, তিনি শান্তি চান।
