কলকাতা হাই কোর্টের বিচারপ্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি উজ্জ্বল ভূইঞার ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অন্যান্য হাই কোর্টের মতো কলকাতা হাই কোর্টেও জামিন এবং আগাম জামিন সংক্রান্ত মামলাগুলি সাধারণত সিঙ্গল বেঞ্চে শোনা উচিত। কিন্তু কেন এই ধরনের মামলাগুলি ডিভিশন বেঞ্চে পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল (জুডিশিয়াল)-এর কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, ২০২৪ সাল থেকে কতগুলি জামিন ও আগাম জামিন সংক্রান্ত মামলা হাই কোর্টে জমা পড়েছে এবং তার মধ্যে কতগুলি এখনও বিচারাধীন রয়েছে।
সম্প্রতি এক খুনের মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন এক অভিযুক্ত। সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, আর সেখানেই বিচারপতিরা প্রশ্ন তোলেন, কেন জামিনের মতো বিষয় ডিভিশন বেঞ্চে যাচ্ছে, যা সাধারণত সিঙ্গল বেঞ্চে নিষ্পত্তি হওয়া উচিত। সুপ্রিম কোর্টের মতে, ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হলে তা দীর্ঘায়িত হয়, যা দ্রুত বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা হাই কোর্টে বিচারপতি সংকটের মধ্যেও এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে বলে মত আইন মহলের। ২৮ ফেব্রুয়ারির পর সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে সকলের।
