দিল্লির বিধানসভা ভোটের পর প্রকাশিত এক্সিট পোলের ফলাফলে আম আদমি পার্টির (AAP) জন্য বিপদের বার্তা শোনা যাচ্ছে। বুথ ফেরত সমীক্ষায় বিশেষজ্ঞ সংস্থা টুডেজ চাণক্য ও অ্যাক্সিস মাই ইন্ডিয়া জানিয়েছে, দিল্লির মসনদ থেকে কার্যত ছিটকে যেতে পারেন কেজরিওয়াল।
২০২০ সালের নির্বাচনে ৭০টির মধ্যে ৬২টি আসন দখল করেছিল আপ। তবে এবারের সমীক্ষা বলছে, সেই সংখ্যায় ব্যাপক পতন ঘটতে পারে। চাণক্যর দাবি, আপ এবার ১৩ থেকে ২৫টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে। অন্যদিকে, বিজেপি বড়সড় লাফ দিয়ে ৪৫ থেকে ৫৭টি আসনে জয়ের সম্ভাবনায় রয়েছে। চাণক্যের মতে, দিল্লির রাজনৈতিক মঞ্চে আপের এই ধাক্কার অন্যতম কারণ কংগ্রেসের ভোট ফিরে পাওয়া।
আগের নির্বাচনে কংগ্রেস মাত্র সাড়ে ৪ শতাংশ ভোট পেয়েছিল, আর আপ পেয়েছিল ৫৪ শতাংশ। কিন্তু এবারে চাণক্যের হিসাব অনুযায়ী, কংগ্রেস তাদের ভোটব্যাংক বাড়িয়ে ১০ শতাংশে পৌঁছতে পারে। আর আপের ভোট ১৩ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লির পুরনো ভোটব্যাংক এবার কংগ্রেসের দিকে সরতে থাকায় আপের আসন কমতে চলেছে।
অন্যদিকে, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষাও প্রায় একই ছবি দেখাচ্ছে। তাদের অনুমান, আপ পেতে পারে ১৫ থেকে ২৫টি আসন। বিজেপি ৪৫ থেকে ৪৮টি আসনে জয় পেতে পারে। কংগ্রেসও একটি আসন পেতে পারে। অ্যাক্সিসের মতে, কংগ্রেসের ভোট বাড়ার ফলে আপের সর্বনাশ নিশ্চিত হতে পারে। ভোট শতাংশের নিরিখে বিজেপি ৪৮ শতাংশ, আপ ৪২ শতাংশ এবং কংগ্রেস ৭ শতাংশ ভোট পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই ফলাফল যদি চূড়ান্ত ফলাফলের কাছাকাছি যায়, তবে কেজরিওয়ালের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। আপের জনপ্রিয়তায় বড়সড় পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর বিজেপি ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এখন দেখার, ১১ ফেব্রুয়ারি ভোটগণনার পর এই পূর্বাভাস কতটা সত্যি প্রমাণিত হয়।
