খোলাখুলি নিজের জীবন নিয়ে বললেন শ্রীলেখা
অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। প্রেম, বিয়ে, প্রাক্তন স্বামী এবং কেরিয়ারে কাজ না পাওয়ার প্রসঙ্গে অকপটভাবে নিজের মত প্রকাশ করলেন তিনি।
শিল্পী হিসেবে দীর্ঘদিন কাজ করলেও ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ার বিষয়ে শ্রীলেখার মন্তব্য, “ঠিক কী কারণে আমাকে কাজ দেওয়া হয় না, তা আমি বলতে পারব না। এর উত্তর দিতে পারবেন তাঁরা, যারা কাজ দেন। ছোটবেলা থেকেই সত্য বলা শিখেছি, তাই কোনও কিছু লুকিয়ে বলার অভ্যাস নেই। নিজের নীতিতে আমি অবিচল।”
সাক্ষাৎকার চলাকালীন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “ওনার সঙ্গে কখনও দুর্ব্যবহার করিনি। তবে যদি একটু মিষ্টি করে কথা বলতাম, তাহলে হয়তো কাজ পেতাম কি না, জানি না। এটুকু নিশ্চিতভাবে জানি, আমি ওনার পছন্দের তালিকায় ছিলাম না। তবে ছোটবেলায় ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে।”
এইদিন নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন শ্রীলেখা। তিনি বলেন, “আমি প্রেমে বিশ্বাস করি। যদি এমন কাউকে পাই, যার সঙ্গে মানসিক সংযোগ গড়ে উঠবে, তবে আমি প্রেম করব। তবে একটা শর্ত আছে—সে অবশ্যই কুকুর ভালোবাসতে হবে। আমার সন্তানদের ‘কুকুর’ বলে ডাকতে ভালো লাগে না, আমি ওদের নাম ধরে ডাকি। ওরা আমার পরিবারের অংশ।”
তবে প্রেমের প্রতি ইতিবাচক মনোভাব থাকলেও বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তাঁর। নিজের অবস্থান ব্যাখ্যা করে শ্রীলেখা বলেন, “আমার কাছে পরিবার মানে আমি, আমার মেয়ে এবং আমার প্রাক্তন স্বামী। আমরা তিনজন এখনো একটা ইউনিটের মতো। এই সম্পর্কের সমীকরণ আমি বদলাতে চাই না। তাই বিয়ের পথে হাঁটার কোনও ইচ্ছা আমার নেই।”
প্রসঙ্গত, শ্রীলেখা মিত্রকে শেষবার দেখা গিয়েছিল ‘মায়ানগর’ ছবিতে। তাঁর অভিনীত এই সিনেমা দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে।
Leave a comment
Leave a comment
