লুধিয়ানা পশ্চিম আসনের উপনির্বাচনে আম আদমি পার্টির (AAP) তরফে প্রার্থী করা হয়েছে সঞ্জীব অরোরাকে। তবে এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে নতুন সমীকরণ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ধারণা করা হচ্ছে, এই নির্বাচনের পর রাজ্যসভার মাধ্যমে সংসদে প্রবেশ করতে পারেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল।
গত মাসে এক দুর্ঘটনায় প্রয়াত হন আপ বিধায়ক গুরপ্রীত গোগী। নিজের বন্দুক থেকে ভুলবশত গুলি চলে যাওয়ায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। সেই শূন্য আসনেই এবার লড়বেন সঞ্জীব অরোরা। তবে আলোচনার মূল বিষয় হল, যদি তিনি নির্বাচনে জয়ী হন, তাহলে কি সাংসদ পদ ছাড়তে হবে? আর সেই আসনেই কি কেজরীবালের আগমন ঘটবে?
দিল্লির বিধানসভা নির্বাচনে পরাজয়ের ফলে মুখ্যমন্ত্রিত্ব হারান কেজরীবাল। আপ-ও হারায় রাজধানীর ক্ষমতা। এরপর থেকেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে, এবার তিনি সংসদে প্রবেশের পথ তৈরি করছেন। সঞ্জীব অরোরা যদি বিধায়ক নির্বাচিত হন, তবে তাঁর রাজ্যসভার আসন খালি হবে, আর সেই শূন্যস্থান পূরণ করতেই কি কেজরীওয়ালের নতুন পরিকল্পনা?
২০২২ সালে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন সঞ্জীব অরোরা, যার মেয়াদ ২০২৮ পর্যন্ত। কিন্তু বিধায়ক এবং সাংসদ—একই সঙ্গে দুটি পদ রাখা সম্ভব নয়। তাই বিধায়ক নির্বাচিত হলে তাঁকে সাংসদ পদ ছাড়তে হবে।
এই রাজনৈতিক চালের মধ্যেই প্রশ্ন উঠছে, আপ কি কেজরীওয়ালের সংসদে প্রবেশ নিশ্চিত করতে চাইছে? যদিও দল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
