কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলা থানার এলাকায় একটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে, যখন দু’জন যুবক একটি অ্যাপ ক্যাব বুকিং করে দমদম নাগেরবাজার এলাকা থেকে যাত্রা শুরু করেন। তাদের সঙ্গে ছিল একটি ট্রলি ব্যাগ এবং একটি বস্তা।
যুবকরা গাড়ি চালককে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলা মহিষপোতার কাছে একটি অন্ধকার জায়গায় গাড়ি থামাতে বলে। ক্যাব চালক ট্রলি ব্যাগটি ভারী দেখে সন্দেহ করে এবং জানতে চায়, ব্যাগে কী রয়েছে। এছাড়া ওই জায়গায় গাড়ি থামানোর কারণও জানতে চান। তখন দুই যুবকের সঙ্গে ক্যাব চালকের তর্কাতর্কি শুরু হয়।
এমন সময় ঘোলা থানার টহল পুলিশ ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। ঝামেলা দেখে পুলিশ এগিয়ে এলে এক যুবক পালিয়ে যায়, অন্যজনকে পুলিশ ধরে ফেলে। পরে তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রলি ব্যাগ খুলতেই ভিতরে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। মৃত যুবকের মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো ছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং তার সঙ্গে পাওয়া যায় একটি রক্তমাখা ধারালো অস্ত্র এবং ৬৫ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে, আর তার এক সঙ্গী এখনও পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, মৃতদেহটি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই অন্ধকার জায়গায় ফেলে পালানোর পরিকল্পনা ছিল যুবকদের।
এদিকে, এলাকার বাসিন্দারা এই ঘটনার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। কিছুদিন আগেই কুমোরটুলিতে একটি ট্রলি ব্যাগ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল, যা ওই এলাকার জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
