তসলিমা নাসরিনের কলকাতায় ফেরার দাবি তুলেছেন একজন বিজেপির সাংসদ। তাতে কিছুটা হলেও খুশী হয়েই বিভিন্ন সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। আর সেটা নিয়েই এখন জোর আলোচনা আর সমালোচনা শুরু হয়েছে। কবীর সুমন এই প্রসঙ্গে মুখ খুলেছেন বলে আজ নিজের ফেসবুকের দেওয়ালে লিখেছেন তিনি। তাঁর কথায়, মজার ব্যাপার হলো আমি কলকাতায় ফিরবো, বা কলকাতায় বেড়াতে যাবো, এই কথাটা বলিনি। আমাকে ফেরাবার দাবি তুলেছেন একজন সাংসদ। অমনি কলকাতার জিহাদিরা ভীষণ ভয়ে লম্ফঝম্ফ করতে শুরু করেছে। এর মধ্যে আছেন কবীর সুমন। উদ্ভট উদ্ভট সব প্রশ্ন, আমি কেন বাংলাদেশে ফিরতে চাই না? উনি কী করে জানলেন আমি বাংলাদেশে ফিরতে চাই না? আমি ৩০ বছর ধরে বাংলাদেশে ফিরতে চাইছি, এ তিনি খুব ভাল করেই জানেন। আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না বলে যে আমি নির্বাসনে বাস করতে বাধ্য হচ্ছি, তা তিনি জানেন না? ঠিকই জানেন, শুধু না জানার ভান করেন। তিনি চান না আমি কলকাতায় পা রাখি। কারণ হিসেবে বললেন, আমি বিদেশি। বিদেশি কাউকে তিনি কলকাতায় দেখতে চান না। কী হাস্যকর না? দুজন বাংলাদেশি মহিলাকে তিনি বিয়ে করেছিলেন। তখন বিদেশি বলে তাদের কিন্তু দূর দূর করেননি। যখন বাংলাদেশে গান গাইতে যান, তখন কিন্তু বুঝিয়ে আসেন, বাংলাদেশ তাঁর কাছে আদৌ বিদেশ নয়।
এইভাবেই কবীর সুমনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি তাঁর নিজের ফেসবুকের দেওয়ালে লেখেন,সাক্ষাৎকারের শুরুতে বলে নিয়েছেন আমি মোটেই তাঁর কাছে গুরুত্বপূর্ণ নই। অথচ একদিন তিনি আমার সঙ্গে দেখা করেছিলেন আমাকে ”গুরুত্বপূর্ণ” মনে করেছিলেন বলে, এবং সেক্যুলারিজমের কসম খেয়ে বলেছিলেন আমার জন্য কলকাতাকে তিনি নিরাপদ রাখবেন। তখন তিনি অবশ্য কবীর সুমন হননি। আজ আমার মতো গুরুত্বহীন মানুষের নিন্দে গুছিয়ে করার জন্য তিনি লম্বা সময় নিয়েছেন, কলকাতা টেলিভিশনে প্রায় কুড়ি বছর আগে তিনি লম্বা সময় নিয়ে দ্বিখন্ডিত নিষিদ্ধের পক্ষে বলেছিলেন এবং আমার বিরুদ্ধে মৌলবাদিদের জারি করা ফতোয়ার পক্ষে অর্থাৎ আমার মাথার দাম ঘোষণার পক্ষে বেশ গুছিয়ে বলেছিলেন। আর আজ সবকিছুই বদলে গেল কি করে? এই প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি বলেন, আমি আমার দেশের সংখ্যালঘুর ওপর অত্যচারের প্রতিবাদ করে বই লিখেছি, সেটা তাঁর কাছে অন্যায়। অথচ তাঁর দেশের সংখ্যালঘুর ওপর অত্যাচারের কাহিনী যখন তিনি শোনান, সেটাকে তিনি অন্যায় বলে মনে করেন না। হঠাত করে তিনি কাঁটাতারে বিশ্বাস করতে শুরু করেছেন । প্রাচীন কাল থেকেই বর্বর শাসকদের কারণে শিল্পী সাহিত্যিকদের অনেকে নির্বাসন জীবন যাপন করতে বাধ্য হন, এ বিষয়ে তাঁর কোনও আইডিয়া নেই বলেই বোঝাতে চাইলেন। ফ্রিডম অব স্পিচে বিশ্বাস করেন না, ফ্রিডম অব মুভমেন্টে বিশ্বাস করেন না। তিনি কি আসলে মানবাধিকারে সামান্যও বিশ্বাস করেন?
বাকস্বাধীনতায় কতটুকু বিশ্বাস করেন, তাও বুঝিয়ে দিলেন এই বলে যে আমি তাঁর সমালোচনা করেছি, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করেছি, সুতরাং কলকাতায় থাকার অধিকার আমার নেই। বাহ। তোমরা মন্দ কাজ করবে, প্রতারণা করবে, মুখোশ পরে থাকবে, আর তোমাদের মুখোশ খানিকটা খুলে ফেললে রে রে করে তেড়ে এসে আমাকে শূলে চড়াবে!
বাংলাদেশি জিহাদিরা চায় না আমি বাংলাদেশে ফিরি, পশ্চিমবঙ্গের জিহাদিরা চায় না আমি পশ্চিমবঙ্গে ফিরি। মাঝে মাঝে অবাক হই এই ভেবে যে কী করে এত ক্ষুদ্র এত অনুদার এত অমানবিক এত স্বার্থপর এত হীন এত নিষ্ঠুর মানুষটি অমন উদার অমন নিঃস্বার্থ অমন মানবিক অমন সমতা আর সমানাধিকারের গান লিখেছিলেন!! অবাক হই এই ভেবে যে কী করে ঈশ্বরকে অস্বীকার করে গান লেখা মানুষটি অমন জিহাদি হয়ে উঠতে পারেন। এক মানুষের ভেতর কি আসলে দুজন বাস করে? নাকি জিহাদি চরিত্রটিই তাঁর আসল চরিত্র, অন্যটা অভিনয়?
(কমেন্টে আমার বিরুদ্ধে কবীর সুমনের বিষোদ্গার)
এই কথা লিখেছেন তসলিমা নাসরিন তাঁর ফেসবুকের দেওয়ালে। এই লেখার প্রতি ছত্রে ছত্রে তাঁর এই ফেরা নিয়ে যে হইচই শুরু হয়েছে সেই কথাই তিনি তুলে ধরেছেন। তাঁর মতে এই ভাবে কেউ ভাবতে পারেন, বদলে যেতে পারেন সেটাই তাঁর কাছে কেমন যেনো ধোঁয়াশা লাগে। তিনি মনে করেন দূরে আছেন তিনি দূরেই থাকবেন। শুধু মজার এটাই যে তাঁর আসার আগেই কেমন সব যেনো দাঁত মুখ বের করে তাঁকে আটকাতে সচেষ্ট হয়ে পড়ছেন। সত্যিই অসাধারণ এই মানুষের চরিত্র।
