কলকাতার ওষুধের বাজারে নকল ওষুধের রমরমা! রাজ্য ড্রাগ কন্ট্রোলের অভিযানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শহরের মেহতা বিল্ডিং, গিরিয়া ট্রেড সেন্টার, গাঁধী মার্কেট এবং বাগরি মার্কেটে একযোগে অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযান চলাকালীন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের নজরে আসে, আসল ওষুধের বাক্সের মধ্যেই নকল ওষুধের স্ট্রিপ মিশিয়ে দেওয়া হচ্ছে। তদন্তকারীদের চোখে ধুলো দিতে ৭০:৩০ ফর্মুলা ব্যবহার করা হচ্ছে— অর্থাৎ, একটি বাক্সে ১০টি স্ট্রিপ থাকলে তার মধ্যে ৭টি আসল আর ৩টি নকল। এই জালিয়াতির ফলে রোগীরা আসল ওষুধের পরিবর্তে নকল ওষুধ খেয়ে প্রতারিত হচ্ছেন এবং স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছেন।
ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা জানিয়েছেন, “যখন ওষুধের গায়ের কিউ আর কোড স্ক্যান করা হচ্ছে, তখন দেখাচ্ছে ‘ডাজ় নট ম্যাচ অ্যানি ডকুমেন্টস’। একটি বাক্সে ১০টি স্ট্রিপ থাকলে তার মধ্যে ২-৩টি স্ট্রিপ নকল পাওয়া যাচ্ছে।” এই সন্দেহজনক স্ট্রিপগুলো পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে— শুধুমাত্র অথোরাইজড স্টকিস্ট বা ডিলারের কাছ থেকে ওষুধ কিনতে। অনলাইনে বেশি ডিসকাউন্টের প্রলোভনে ওষুধ কেনার বিষয়ে নিষেধ করা হয়েছে। কেনার সময় ক্যাশ মেমো নেওয়ার এবং মেমোর ব্যাচ নম্বরের সঙ্গে ওষুধের বাক্সের ব্যাচ নম্বর মেলানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার পরও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, যা নিয়ে প্রশ্ন উঠছে। সন্দেহজনক ওষুধ বা অসঙ্গতির বিষয়ে অভিযোগ জানাতে রাজ্য স্বাস্থ্য দফতরের হোয়াটসঅ্যাপ নম্বর ৭৯০৮০৭৭৬১৫ এবং ইমেইল ঠিকানা prosecutionandcomplaintcell@gmail.com-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
জাল ওষুধের এই ভয়াবহ কারবারের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কারণ, ওষুধের নামে বিষ বিক্রি হলে তার মূল্য চোকাতে হবে জীবন দিয়ে।
