বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে নির্মীয়মান রামমন্দিরকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। প্রায় ৮২ ফুট দীর্ঘ রামের মূর্তির নির্মাণকাজের প্রায় ৮০ শতাংশ শেষ হলেও উগ্র ইসলামপন্থী কয়েকটি সংগঠনের আপত্তির জেরে আপাতত সেই কাজ স্থগিত রেখেছে প্রশাসন। মূর্তি অপসারণের দাবিতে এলাকায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ, মিছিল ও সভা হচ্ছে। এই পরিস্থিতি এবার পৌঁছে গেল বাংলাদেশের জাতীয় সংসদেও।
বিএনপির কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ ফজলুর রহমান সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের কাছে সরাসরি প্রশ্ন তোলেন, “হিন্দুরা কি বাংলাদেশে থাকবে না? তারা কি এই দেশের নাগরিক নয়?” তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিতে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য এবং দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একটি ধর্মীয় স্থানে রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে, যা উদ্বেগজনক। তাঁর মতে, কারও ধর্মীয় বিশ্বাস বা উপাসনার অধিকারে হস্তক্ষেপ করা উচিত নয়। তিনি আরও বলেন, “হিন্দুরা চাইলে ১০০ ফুট নয়, ৩০০ ফুট উঁচু মন্দিরও নির্মাণ করতে পারে। তাতে আমার আপত্তির কারণ নেই। আমি মুসলমান হিসেবে আমার ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে। এটাই সহাবস্থানের শিক্ষা।”
ফজলুর রহমান আরও দাবি করেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুফিবাদের ঐতিহ্যকে দুর্বল করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, কিছু উগ্রপন্থী গোষ্ঠী শুধু মন্দির নয়, বিভিন্ন সুফি দরগা ও মাজারের বিরুদ্ধেও অবস্থান নিচ্ছে। তাঁর বক্তব্যে উঠে আসে, “সবার আগে মানুষ” এই মানবিক মূল্যবোধই বাংলাদেশের ভিত্তি হওয়া উচিত।
সংসদে তাঁর বক্তব্যের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উপস্থিত থাকলেও সরকার এখনও এই বিতর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে মন্দির চত্বরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় হিন্দু সংগঠনগুলির দাবি, প্রশাসন দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করার অনুমতি দিক। তাঁদের মতে, এটি একটি বৈধ ধর্মীয় প্রকল্প এবং দীর্ঘদিন ধরে ওই মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ ও মহাদেবের মূর্তিরও পূজা হয়ে আসছে। ফলে নতুন রামমূর্তি নির্মাণ নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই বলে দাবি তাঁদের। বর্তমানে গাইবান্ধার এই ঘটনাকে ঘিরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
গাইবান্ধার রামমন্দির বিতর্কে সংসদে সরব বিএনপি সাংসদ