কলেজে ভর্তি হলেই মিলবে মোটা অঙ্কের টাকা? বাজেটে কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী?

 

 কলেজে ভর্তি হলেই ৫০ হাজার টাকা, ছাত্রীদের জন্য বড় ঘোষণা

 

 

 

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে কলেজপড়ুয়া অবিবাহিত ছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট প্রস্তাবে জানানো হয়েছে, কলেজে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীরা এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানো এবং আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সরকার।

 

এদিন অর্থমন্ত্রী আরও জানান, আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের মাসিক পারিশ্রমিক বাড়িয়ে ৫ হাজার টাকা করা হচ্ছে। পাশাপাশি হোম গার্ডদের ভাতাও মাসে ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে দাবি সরকারের।

 

বাজেটে সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া শহরাঞ্চলে খাদ্য সুরক্ষা আরও জোরদার করতে বর্তমানে চালু থাকা ৪০০টি ‘মা আহার’ কেন্দ্রের সঙ্গে আরও ২১০টি নতুন কেন্দ্র গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলিতে মাত্র ৫ টাকায় ডিম, মাছ ও সবজি-সহ পুষ্টিকর খাবার দেওয়া হবে।

 

সরকারের মতে, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পকে আরও শক্তিশালী করতেই এই ঘোষণাগুলি করা হয়েছে।