স্নাতক হলেই পাবেন ৩০০০ টাকা

 

বেকার যুবকদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার 

 

কলকাতা: রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করল বিজেপি সরকার। সোমবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আগামী অক্টোবর মাস থেকে চালু করা হবে নতুন ‘ভরসা’ কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকারদের মাসিক ভাতা দেওয়া হবে।

 

সরকারি ঘোষণা অনুযায়ী, স্নাতক ডিগ্রিধারী বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে, উচ্চমাধ্যমিক বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বেকারদের জন্য মাসিক ২ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে।

 

তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্তও রাখা হয়েছে। যে পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনও সামাজিক সুরক্ষা বা সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই এই প্রকল্পের আওতায় আসবেন।

 

সরকারের দাবি, কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চাকরির অপেক্ষায় থাকা শিক্ষিত যুবকদের আর্থিকভাবে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে বেকার ভাতার দাবিতে বিভিন্ন মহল থেকে যে দাবি উঠছিল, বাজেটে তারই প্রতিফলন দেখা গেল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

 

রাজ্যের প্রথম বিজেপি বাজেটে সরকারি চাকরি, নারীকল্যাণ, পেনশন বৃদ্ধি এবং অন্নপূর্ণা যোজনার পাশাপাশি ‘ভরসা’ কর্মসূচিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এখন অক্টোবর থেকে প্রকল্পটি কীভাবে বাস্তবায়িত হয় এবং কত সংখ্যক যুবক-যুবতী এর সুবিধা পান, সেদিকেই নজর থাকবে সকলের।