কাদের জন্য খুলল বেতন বৃদ্ধির ঝুলি?
কন্ডাক্টর থেকে সিভিক ভলান্টিয়ার, একাধিক কর্মীর ভাতা বৃদ্ধির ঘোষণা
রাজ্যের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক ও সহায়ক কর্মীদের জন্য বড় আর্থিক স্বস্তির ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করে ১৬ হাজার টাকা করা হয়েছে।
এছাড়াও সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবির প্রেক্ষিতে এই ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, হোম গার্ডদের ক্ষেত্রেও মাসিক ২ হাজার টাকা পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। সরকারের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই কর্মীদের আর্থিক সুরক্ষা ও উৎসাহ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজেটের এই ঘোষণায় রাজ্যের হাজার হাজার কর্মী সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।