রাজ্যে নতুন স্পোর্টস ইউনিভার্সিটি! উত্তরে হবে স্টেডিয়াম! ক্রীড়াক্ষেত্রে বিপুল বরাদ্দ শুভেন্দু সরকারের
শুভেন্দু সরকারের প্রথম বাজেটে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ করলেন অর্থমন্ত্রী দ্বপন দাশগুপ্ত। রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। বাজেট পেশের আগে অর্থমন্ত্রী জানান, মানুষের প্রত্যাশা পূরণ করার পাশাপাশি রাজ্যের আর্থিক ভারসাম্য বজায় রাখাও সরকারের অন্যতম লক্ষ্য। তাঁর কথায়, অর্থনৈতিকভাবে আধুনিক ও প্রগতিশীল বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই বাজেট তৈরি করা হয়েছে। সেই পরিকল্পনায় ক্রীড়াক্ষেত্রকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্যের ক্রীড়া সংস্কৃতিকে নতুন করে গড়ে তুলতে চালু করা হবে ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম। পাশাপাশি নতুন প্রজন্মের দক্ষতা বৃদ্ধির জন্য থ্রি-ডি অ্যানিমেশন কোর্স চালুর কথাও ঘোষণা করা হয়েছে। ক্রীড়া শিক্ষাকে আরও সংগঠিত ও আধুনিক রূপ দিতে রাজ্যে একটি স্পোর্টস ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক মানের ইন্ডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এর ফলে জেলার পাশাপাশি গ্রামীণ এলাকার খেলোয়াড়রাও উন্নত পরিকাঠামোর সুবিধা পাবেন বলে মনে করছে সরকার।
ক্লাব ফুটবল ও অন্যান্য দলগত খেলাকেও উৎসাহ দিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক, জাতীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদের চাকরির সুযোগ করে দেওয়ার কথাও জানানো হয়েছে। ক্রীড়াবিদদের পুরস্কার ও প্রণোদনার জন্য বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারের আশা, এই আর্থিক সহায়তা খেলোয়াড়দের আরও উৎসাহিত করবে এবং রাজ্য থেকে আরও বেশি সংখ্যক প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবেন।
ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ আগেই জানিয়েছিলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাঁদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত পরিকাঠামো এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা দেওয়ার উপর জোর দেওয়া হবে। বাজেটের ঘোষণাগুলি সেই পরিকল্পনাকেই আরও শক্তিশালী করল বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ক্রীড়াক্ষেত্রের জন্য ঘোষিত প্রকল্প ও বরাদ্দ পশ্চিমবঙ্গের খেলাধুলার ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই আশা ক্রীড়ামহলের।