NEET পরীক্ষায় ফিল্মি কায়দায় চিটিং! মুন্নাভাই এমবিবিএস'কে মনে করিয়ে দিল একদল বিহারী?
প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল যে নিট পরীক্ষা, সেটাই পুনরায় নেওয়া হল রবিবার। তার জন্য দেশজুড়ে ছিল বজ্র আঁটুনি। কিন্তু এর মাঝেই ফোস্কা গেরোয় হয়ে সামনে এল ফিল্মি কায়দায় জালিয়াতির অভিযোগ। যা মনে করিয়ে দিল সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসির বিখ্যাত সিনেমা 'মুন্নাভাই এমবিবিএস'কে। ঘটনায় বিহারের লাখিসারাই জেলায় একাধিক পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৯ জন ভুয়ো পরীক্ষার্থী বলে অভিযোগ, যারা মোটা টাকার বিনিময়ে আসল পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিতে এসেছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনঃপরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্রে তল্লাশি চালিয়ে এই জালিয়াতি চক্রের হদিস মেলে। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বায়োমেট্রিক যাচাই সংস্থার কর্মী। তাঁদের সহায়তায় পরীক্ষার্থীদের পরিচয় যাচাই প্রক্রিয়ায় কারচুপির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। বর্তমানে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রশ্নফাঁস বিতর্কের পর এবারের নিট পুনঃপরীক্ষাকে ঘিরে বিশেষ সতর্কতা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে কঠোর বায়োমেট্রিক যাচাই, ফেস অথেনটিকেশন এবং তল্লাশির ব্যবস্থা করা হয়েছিল। তবুও বিহারে ভুয়ো পরীক্ষার্থী চক্র ধরা পড়ায় ফের প্রশ্ন উঠতে শুরু করেছে পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
উল্লেখ্য, গত ৩ মে আয়োজিত নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। সেই পরিস্থিতিতে রবিবার পুনরায় পরীক্ষার আয়োজন করা হয়। এবারে পরীক্ষার সময়সীমা বাড়িয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছিল। দুপুর ২টো থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বিকেল ৫টা ১৫ মিনিটে।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ও এনটিএ একাধিক বিশেষ পদক্ষেপ নেয়। প্রশ্নপত্র দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হয় ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার। পাশাপাশি প্রযুক্তিনির্ভর জালিয়াতি রুখতে পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল এবং প্রশ্নফাঁসের সম্ভাবনা এড়াতে টেলিগ্রাম অ্যাপের ব্যবহারও নিষিদ্ধ করা হয়। তবে এত কড়াকড়ির মধ্যেও বিহারে ভুয়ো পরীক্ষার্থী চক্র ধরা পড়ায় নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ।