ইউনিফর্ম পরে ঢুকতে হবে রাম মন্দিরে! চুরি রুখতে মেগা পদক্ষেপ যোগী সরকারের! জানলে চমকে উঠবেন 

 

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের অর্থে অনিয়ম ও চুরির অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে যোগী সরকার। তদন্ত তো চলছেই, তবে পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য একাধিক কড়া পদক্ষেপের সুপারিশ করেছে তদন্তকারী দল।

 

সূত্রের খবর, মন্দিরে দান সংগ্রহ ও অর্থ গণনার কাজে যুক্ত কর্মীদের জন্য বিশেষ ইউনিফর্ম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এই পোশাকে কোনও ধরনের পকেট থাকবে না। তদন্তকারীদের মতে, এর ফলে দানের অর্থ আত্মসাৎ বা লুকিয়ে রাখার সুযোগ অনেকটাই কমে যাবে। শুধু তাই নয়, টাকা গণনার দায়িত্বে থাকা কর্মীদের কাজ শেষ হওয়ার পর তল্লাশির ব্যবস্থাও করা হবে।

 

নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, দানবাক্স থেকে অর্থ বের করা, তা গণনা করা এবং ব্যাঙ্কে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিও রেকর্ডিংয়ের আওতায় আনা হবে। অর্থাৎ দানের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের প্রতিটি ধাপ ক্যামেরাবন্দি থাকবে। ইতিমধ্যেই টাকা গণনার সঙ্গে যুক্ত দল এবং ব্যাঙ্কে অর্থ পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা কর্মীদের বদল করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের দায়িত্বও পুনর্বিন্যাস করা হয়েছে।

 

প্রসঙ্গত, সম্প্রতি এই বিতর্ক সামনে আনেন অখিলেশ আদব। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, রামভক্তদের দেওয়া বিপুল পরিমাণ দানের অর্থের হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। প্রথমদিকে মন্দির ট্রাস্ট অভিযোগ অস্বীকার করলেও পরে অভ্যন্তরীণ অনুসন্ধানে কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের ইঙ্গিত মেলে বলে জানা যায়।

 

এরপর ট্রাস্টের তরফেই রাজ্য সরকারের কাছে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই তিন সদস্যের উচ্চপর্যায়ের সিট গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে মন্দিরের দুই কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নগদ এবং সোনার গয়না উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি। তদন্ত এখনও চলছে। তবে ইতিমধ্যেই স্পষ্ট, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ এবার নজিরবিহীন কড়াকড়ির পথে হাঁটতে চলেছে।