কলকাতা: বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন কিছু অনুষ্ঠান রয়েছে, যেগুলি শুধু একটি শো নয়, দর্শকের প্রতিদিনের অভ্যাসের অংশ হয়ে উঠেছে। ‘দিদি নম্বর ওয়ান’ তেমনই এক নাম। গত দেড় দশকেরও বেশি সময় ধরে বিকেলের পর্দায় অসংখ্য নারীকে তাঁদের জীবনসংগ্রাম, সাফল্য ও হাসি-কান্নার গল্প বলার সুযোগ করে দিয়েছে এই জনপ্রিয় রিয়েলিটি শো। আর সেই যাত্রাপথের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একটি পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই চেনা ছবিতে আসতে চলেছে বড় পরিবর্তন। কয়েকদিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন ছিল, জনপ্রিয় এই অনুষ্ঠানের সঞ্চালকের আসনে নাকি দেখা যাবে নতুন কাউকে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দর্শকদের আড্ডা, সব জায়গাতেই একটাই প্রশ্ন, সত্যিই কি বদলাতে চলেছে ‘দিদি নম্বর ওয়ান’-এর মুখ? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সামনে এসেছে নতুন সিজনের ঝলক। আর সেখানেই প্রকাশ্যে এসেছে সেই চমক। দীর্ঘ ২২ বছর পর বাংলা টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর তিনিই হতে চলেছেন ‘দিদি নম্বর ওয়ান’ সিজন ১০-এর নতুন সঞ্চালক। শুধু সঞ্চালক বদলই নয়, নতুন সিজনে থাকছে আরও একাধিক পরিবর্তন। জানা গিয়েছে, এতদিন যেখানে চারজন প্রতিযোগীকে নিয়ে খেলা এগোত, সেখানে এবার একসঙ্গে অংশ নেবেন দশজন প্রতিযোগী। ফলে প্রতিযোগিতা যেমন আরও জমজমাট হবে, তেমনই বাড়বে বিনোদনের মাত্রাও। বদলে যাচ্ছে অনুষ্ঠানের সম্প্রচারের সময়ও। বহু বছর ধরে বিকেলের নির্দিষ্ট স্লটে সম্প্রচারিত হলেও, এবার থেকে শোটি দেখা যাবে রাতের প্রাইম-টাইমে। আগামী ২৯ জুন থেকে সোমবার থেকে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে ‘দিদি নম্বর ওয়ান’। ২০১০ সালের ১ নভেম্বর শুরু হয়েছিল এই অনুষ্ঠানের পথচলা। প্রথমে পুস্পিতা মুখোপাধ্যায়, পরে জুন মালিয়া, দেবশ্রী রায়, সুদীপা চট্টোপাধ্যায় একাধিক পরিচিত মুখ সঞ্চালনার দায়িত্ব সামলালেও, দর্শকদের কাছে ‘দিদি নম্বর ওয়ান’ মানেই ছিল রচনা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর বিদায় নিঃসন্দেহে আবেগঘন মুহূর্ত। অন্যদিকে, নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের জোরে বহু বছর ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া স্বস্তিকার সামনে এখন বড় চ্যালেঞ্জ, এই জনপ্রিয় অনুষ্ঠানের ঐতিহ্যকে নতুন রূপে এগিয়ে নিয়ে যাওয়া। তবে নতুন সিজনের প্রথম ঝলক দেখেই অনেকের মত, ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে এবার শুরু হতে চলেছে একেবারে নতুন এক অধ্যায়।