পশ্চিমবঙ্গ কি জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠছে? পরপর সন্দেহভাজন ধরা পড়ার ঘটনায় এমনই প্রশ্ন উঠছে। বিরোধীরা সরাসরি তৃণমূল কংগ্রেস এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমবার তমলুকে অভিযোগ করেন, “শুনেছিলাম ‘দুয়ারে সরকার’, এখন দেখলাম, দুয়ারে জঙ্গি! বাংলাদেশি জঙ্গিদের নাম ভোটার তালিকায় উঠে যাচ্ছে।” এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, “বাংলা এখন জঙ্গি রফতানির কেন্দ্র। সীমান্তবর্তী এলাকায় তৃণমূলের সাহায্যে জঙ্গিদের সুবিধা বাড়ছে।” পাল্টা জবাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “সীমান্তের দায়িত্ব তো কেন্দ্রের। বিএসএফের জমি সংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন।”
সিপিএম ও কংগ্রেসও জঙ্গি-যোগ নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, “বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। শাসক দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ।” কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “জাল নথি ও ভুয়ো ভোটার তালিকায় নাম ওঠার ঘটনা নজরদারির অভাব প্রমাণ করছে।”
তৃণমূলের পাল্টা দাবি, “সিপিএম জমানায় বিস্ফোরণ এবং জঙ্গি কার্যকলাপ বেশি দেখা গেছে। এখন সীমান্ত রক্ষায় বিএসএফ এবং কেন্দ্র ব্যর্থ।”
বিতর্কে তুঙ্গে থাকা এই ইস্যুতে রাজনীতি উত্তাল। তবে জঙ্গি-যোগ ও নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ নিয়ে প্রকৃত সমাধান কোথায়, সেই প্রশ্নই এখন রাজ্যবাসীর কাছে গুরুত্বপূর্ণ।
