জল্পনাকে সত্যি করে বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ‘রেসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে প্রত্যাশিত ভাবেই ডামাডোল দুনিয়া জুড়ে। ভারতও তার ব্যতিক্রম নয়। ট্রাম্প জানিয়েছেন, ‘বন্ধু’ ভারতের উপর বসতে চলেছে ২৬ শতাংশ শুল্ক। এই আবহে আগামিদিনে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে তার কী প্রভাব পড়তে চলেছে, তা খতিয়ে দেখে ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করতে বৃহস্পতিবার সকালেই উচ্চস্তরের বৈঠকে বসেছে প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও।
ভারতের উপর আমেরিকা ২৬ শতাংশ পারস্পরিক শুল্ক চাপানোর ফলে কী প্রভাব পড়তে চলেছে, তা বিশ্লেষণ করে দেখছে বাণিজ্য মন্ত্রক। সরকারি ওই সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে আমেরিকায় রফতানি করা সমস্ত পণ্যের উপর সর্বজনীন ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। বাকি ১৬ শতাংশ শুল্ক কার্যকর হবে ১০ এপ্রিল থেকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রধানসচিব বৈঠকের সভাপতিত্ব করেন। বাণিজ্য মন্ত্রক, নীতি আয়োগ, ডিপিআইআইটি এবং অন্যান্য মন্ত্রকের শীর্ষ কর্তারা সামগ্রিক পরিস্থিতি বর্ণনা করেছেন বৈঠকে।
হোয়াইট হাউসে পারস্পরিক শুল্কের কথা ঘোষণার সময় ট্রাম্প বলেন, “তারা (ভারত) আমাদের ওপর ৫২% শুল্ক আরোপ করে। আর আমরা বছরের পর বছর, দশকের পর দশক ধরে প্রায় কিছুই নিইনি।” ট্রাম্পের ২৬ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, ভারত এর প্রভাব মূল্যায়ন করছে। তিনি বলেন, “ট্রাম্পের কাছে আমেরিকা প্রথম, আর মোদীজির কাছে ভারত প্রথম।”
ট্রাম্প অন্যান্য দেশেও উচ্চহারে শুল্ক চাপিয়েছেন। যার মধ্যে চিনের উপর অতিরিক্ত ৩৪% (পূর্বঘোষিত ২০%-এর সঙ্গে), এবং ভিয়েতনামের উপর ৪৬% শুল্ক অন্তর্ভুক্ত। তবে, ভারতের উপর তুলনামূলক ভাবে কম শুল্ক আরোপ করায় শেয়ারবাজার কিছুটা স্থিতিশীল।
যে দেশ আমেরিকায় উৎপাদিত পণ্যে যে পরিমাণ শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানোর কথা আগেই ঘোষণা করেছিলেন ট্রাম্প। দিনটিকে আমেরিকার ‘মুক্তি দিবস’ হিসাবে ঘোষণা করেছিলেন। বুধবার আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪টেয় (ভারতে তখন রাত দেড়টা) এই ‘পাল্টা’ বা ‘পারস্পরিক শুল্ক’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই জানা যায়, ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করতে চলেছে মোদীর বন্ধু ট্রাম্পের আমেরিকা।
