আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে মহম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূসের পদত্যাগ নিয়ে জল্পনার মাঝেই এমন বার্তা দিয়েছেন আওয়ামি লীগ নেত্রী। সূত্রের খবর, বাংলাদেশে নতুন করে আন্দোলনের হাওয়া বইছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি তুলে চাপ দিচ্ছে বাংলাদেশের সেনা।
সম্প্রতি যেভাবে বাংলাদেশে আওয়ামি লীগকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে, তার নিন্দা করেছেন নেত্রী হাসিনা। তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্ত অসাংবিধানিক’। ইউনূস জঙ্গিদের সমর্থন পাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।
একটি ফেসবুক পোস্টে শেখ হাসিনা তাঁর বাবা শেখ মুজিবর রহমানের কথা স্মরণ করে লিখেছেন, আমেরিকার হাতে সেন্ট মার্টিন তুলে দিতে অস্বীকার করায় তাঁর বাবাকে হত্যা করা হয়েছিল। তিনি বলেছেন, আমিও কখনও নিজের দেশ বিক্রি করে দেওয়ার কথা ভাবিনি।
হাসিনা দুঃখপ্রকাশ করে বলেছেন, একসময় ৩০ লক্ষ মানুষের মুক্তির জন্য যে দেশের মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছিল, প্রাণ দিয়েছিল, সেই দেশের এক ইঞ্চি জমিও কাউকে ছেড়ে দেওয়া উচিত নয়। মহম্মদ ইউনূস সম্পর্কে হাসিনা বলেন, যাঁকে গোটা দেশ ভালবাসত, যিনি গোটা বিশ্বের কাছে প্রিয় ছিলেন, তাঁর আজ ক্ষমতায় এসে কী এমন হল?
শেখ হাসিনার দাবি, আন্তর্জাতিক ক্ষেত্রে যাঁরা নিষিদ্ধ, এমন জঙ্গিদের সমর্থনও পাচ্ছেন ইউনূস। অথচ ওই জঙ্গিদের থেকে একসময় দেশকে রক্ষা করার চেষ্টা করেছিল আওয়ামি লীগ। তিনি আরও মনে করিয়ে দিয়েছেন যে জঙ্গি হামলার পর গ্রেফতার করে জঙ্গিদের জেলে পুরে দেওয়া হয়েছিল। অথচ সেই জেল আজ ফাঁকা।
হাসিনার প্রশ্ন, বাংলাদেশের সংবিধান ছোঁয়ার অধিকার ইউনূসকে কে দিল? তিনি তো জনগণের সমর্থনও পাননি। তাঁর প্রধান উপদেষ্টার পদেরও আদতে কোনও অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন হাসিনা।
