ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই নৌকা। বিখ্যাত হালং উপসাগরে যাত্রী সমেত উলটে গেল একটি নৌকা। খবর অনুসারে দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৪ জন পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্যে নেমেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
ভিয়েতনামের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নৌকাটিতে ৪৮ জন পর্যটক এবং ৫ জন নৌকা নিয়ন্ত্রণকারী ছিলেন। শনিবার দুপুর নাগাদ ডাউগো গুহার কাছে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে নৌকাটি। তীব্র বেগে চলতে থাকা হাওয়ায় আচমকা উলটে যায় নৌকাটি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। এই ঘটনা প্রথম নয় এখানে। ২০২৩ সালেও এখানে একইরকম একটি দুর্ঘটনা ঘটে। প্রবল ঝড়বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের কারণে প্রায় ৩০টি ভেসেল উলটে যায়। মৃত্যু হয় বহু পর্যটকের।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত অন্তত ৩৪ জন পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে অনেক শিশুও। তবে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে ১১ জন। যদিও আরও আট জন যাত্রীর এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। এদিন আবহাওয়া খুব খারাপ হওয়ায় উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়। রবিবার সকাল থেকে ফের তা শুরু হয়।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে মানসিক এবং আর্থিক দিক থেকে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ভিয়েতনামের হালং উপসাগর ইউনেস্কোর দ্বারা চিহ্নিত একটি হেরিটেজ সাইট। পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। সারা বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে আসেন।
