বাজার থেকে চিংড়ি এনেছেন অনেক, কিন্তু আবারও মালাইকারি বা রোজের প্রিপারেশন খেতে ইচ্ছে করছে না? অন্য কী বানানো যায় সহজেই, বাড়িতেই, ভাবতে ভাবতে ক্লান্ত? উপায় দিচ্ছি আমরা। দারুণ একটা রেসিপি দেব আপনাদের যার সঙ্গে ভাত বা রুটি কোনও কিছুরই প্রয়োজন পড়বে না। ডিনার পার্টির আয়োজন করলে তার থেকে টুকরো কেটে অ্যাপেটাইজার হিসেবেও দারুণ সার্ভ করা যেতে পারে। কথা হচ্ছে ‘প্রন পাই’-এর। নাম শুনেই মনে হচ্ছে তো যে বাড়িতে কী করে বানাবেন? সঠিক পদ্ধতি মানলে সহজেই বানানো সম্ভব, তবে হ্যাঁ খানিক সময় লাগবে বটে।
চার জনের মতো প্রন পাই বা চিংড়ির পাই বানাতে উপকরণ লাগবে ৪৫০ গ্রাম চিংড়ি, ২ টেবিল চামচ তেল, ১টা পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ ময়দা, দেড় কাপ ক্রিম, স্বাদ মতো নুন ও গোলমরিচ। এবার পাই-এর ডো বানাতে লাগবে সাড়ে তিনশো গ্রামের খানিক বেশি ময়দা, ১ চা চামচ নুন, ২৭৫ গ্রাম মাখন, ৫ টেবিল চামচ বরফ ঠান্ডা জল, ১টা ডিম।
এবার প্রণালী। একটা সসপ্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। সোনালী রং ধরা পর্যন্ত ভেজে নিন। এবার এতে ক্রিম দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দিন। এবার নাড়াতে থাকুন। সসটা খানিক গাঢ় হবে। এবার এতে চিংড়িগুলো আর সিজ়নিং যা আছে দিয়ে দিন। নাড়তে থাকবেন সমানতালে। এবার আগে থেকে বানিয়ে রাখা পাইয়ের ডো-তে চিংড়িটা ঢেলে বেক করতে ওভেনে ঢুকিয়ে দিন।
কিন্তু পাইয়ে ডো বা বাইরের অংশটা কীভাবে বানাবেন? ফুড প্রসেসরের সাহায্য নিলে সবচেয়ে ভালো। তাতে ভালো করে নুন আর ময়দা মিশিয়ে নিন। এবার টুকরো টুকরো করে মাখন সমানভাবে শুকনো মিশ্রণে বসিয়ে ধাপে ধাপে ফুড প্রসেসরটা চালাতে থাকুন। ধীরে ধীরে দেখবেন ভিজে ভিজে হচ্ছে, এবং এরপর পুরোটা মিশে থকথকে মিশ্রণ তৈরি হচ্ছে। খানিকটা সময় লাগতে পারে এতে। এবার ডো বা মিশ্রণটা বের করে একটা জায়গায় ময়দা ছড়িয়ে তার উপর রাখুন। এক চামচ করে করে ঠান্ডা জল দিন, এবং ভাঁজ করতে থাকুন। পুরো জলটা যেন শুষে নেয়, সেটা খেয়াল রাখবেন। এবার একে দু’ভাগে ভাগ করুন, একটা উপরের অংশ একটা তলার। সবকটা এবার চাকতির আকারে পাকিয়ে ফ্রিজে রেখে দিন। আলাদা করে রাখবেন। বেক করার আগে ডো-গুলো বের করে বেলে নিতে হবে। ময়দা ছড়িয়ে তার উপর রেখে এক দিকে বেলবেন। রুটি বেলার মতো হাতে তুলে এপিঠ-ওপিঠ করবেন না। বেকিং প্যানে এবার একটা করে টুকরো রাখুন, ফর্ক দিয়ে গেঁথে দিন খানিক। এর ওপর পুর ঢেলে আরেকটা চাকতি দিয়ে সেটা ঢেকে দিন। এবার ফেটিয়ে রাখা ডিম থেকে ব্রাশে করে একটু তুলে ওপরে মাখিয়ে দিন। তাহলে সোনালি রং আসবে বেক করলে। প্রি-হিটেড ওভেনে মোটামুটি ৪০০ ডিগ্রি তাপমাত্রায় ঘণ্টাখানেক বেক করতে হবে। সোনালী রং ধরলে বের করে পরিবেশন করুন।
