মূলধারার রোম্যান্টিক বলিউড ছবি বেশ কিছুদিন ধরেই মিসিং ছিল, ‘সইয়ারা’ ফিরিয়েছে সেই স্বাদ। সম্ভবত তাই মোহিত সূরির পরিচালনায় অহন পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত ‘সইয়ারা’ ঝড় তুলেছে বক্স অফিসে। বলাই বাহুল্য, নবাগতদের নিয়ে তৈরি এই ছবি একের পর এক রেকর্ড ভাঙছে বক্স অফিসের। এবার এই ছবি মাত্র ১২ দিনে পিছনে ফেলল ভিকি কৌশলের ‘ছাওয়া’কে।
বাজারের সমীক্ষা অনুযায়ী, ব্যবসার নিরিখে মুক্তির মাত্র ১২ দিনের মাথায় ভিকি কৌশল, রশ্মিকা মন্দান্না, অক্ষয় খান্না অভিনীত ‘ছাওয়া’র ৯১ কোটি টাকার লাইফটাইম আন্তর্জাতিক কালেকশনকে পেরিয়ে গেছে ‘সইয়ারা’। তাদের আয়ের মাত্রা ৯৪ কোটি। শুধু তাই নয়, ২০২৫ সালে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি আয় করা বলিউড ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘সইয়ারা’। ছবিটি এখনও পর্যন্ত ৯৫.২৫ কোটি টাকা আয় করেছে আন্তর্জাতিকভাবে, যা ‘হাউসফুল ৫’ (৭০.২৫ কোটি), ‘সিতারে জমিন পর’ (৬৬.৭৫ কোটি), ও ‘মার্ডার মুবারক’ (৫৪ কোটি)-এর মতো ছবিকে অনেকটাই ছাপিয়ে গেছে। শুধু বলিউড নয়, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বক্স অফিসেও নিজের জায়গা করে নিয়েছে এই ছবি। ‘সইয়ারা’ পেছনে ফেলেছে মালয়ালম সুপারস্টার মোহনলালের ‘থুদারুম’-কেও, যার আন্তর্জাতিক আয় ৯৩.৮০ কোটি টাকা। এই মুহূর্তে ছবিটি রয়েছে দ্বিতীয় স্থানে, ঠিক মোহনলালের ‘এল২: এমপুরান’ (১২৪.৫০ কোটি)-এর পরেই।
বর্তমানে অহন ও অনীত তাঁদের এই রোমান্টিক ড্রামা ছবির সাফল্য উদযাপন করছেন। এখনও প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে ‘সইয়ারা’। তবে আগস্ট ১ তারিখ মুক্তি পেতে চলেছে ‘সন অফ সর্দার ২’ এবং ‘ধড়ক ২’, ফলে দেখা যাক এদের প্রভাবে ‘সইয়ারা’-র দর্শক টানার ক্ষমতা কতটা কমে বা আদৌ কমে কিনা।
অন্যদিকে, দিনেশ ভিজান প্রযোজিত এবং লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ছাওয়া’ এখনও পর্যন্ত ২০২৫ সালের সর্বাধিক আয় করা ভারতীয় ছবি। ছবিটি বিশ্বব্যাপী ৮০৭.৮৮ কোটি টাকা আয় করেছে।
