উৎসবের ভিড় সামাল দিতে এবং রেলযাত্রা আরও নির্বিঘ্ন করতে, রেল মন্ত্রক “উৎসব ভিড়ের জন্য পরীক্ষামূলক রাউন্ড ট্রিপ প্যাকেজ” চালু করেছে। এই বিশেষ স্কিমের আওতায় একই যাত্রী, শ্রেণি এবং রুটের জন্য যাওয়া ও আসার নিশ্চিত টিকিট বুকিং করলে যাত্রার মূল ভাড়ায় ২০% ছাড় মিলবে।
রেল বোর্ড ৮ অগস্ট এক সার্কুলারে এই স্কিমের ঘোষণা করে। এর উদ্দেশ্য, উৎসবকালে ভিড় সমানভাবে ভাগ করা, বুকিংয়ের ঝামেলা কমানো এবং ট্রেন পরিষেবার (বিশেষ ট্রেন সহ) সদ্ব্যবহার নিশ্চিত করা।
স্কিমের সময়সীমা ও শর্তাবলী
বুকিং শুরু: ১৪ অগস্ট, ২০২৫
যাওয়ার যাত্রার সময়সীমা: ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর, ২০২৫
ফেরার যাত্রার সময়সীমা: ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ২০২৫
ফেরার টিকিট বুক করতে হবে “Connecting Journey” ফিচারের মাধ্যমে।
ফেরার টিকিটে অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড (ARP) প্রযোজ্য হবে না।
স্কিমটি সব শ্রেণি ও ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য, তবে ফ্লেক্সি ফেয়ার প্রযোজ্য রয়েছে যে ট্রেনগুলোতে সেগুলি ছাড়া। অর্থাৎ রাজধানী, দুরন্তর মতো যে ট্রেনগুলোতে টিকিটের ভাড়া উঠানামা করে সেইসব ট্রেনে এই সুবিধা পাওয়া যাবে না।
কেবলমাত্র নিশ্চিত কনফার্ম টিকিটের ক্ষেত্রেই ছাড় প্রযোজ্য হবে।
যাওয়া ও ফেরার টিকিট বুকিং-এ একই মাধ্যম (অনলাইন বা কাউন্টার বুকিং) ব্যবহার করতে হবে।
চার্ট প্রস্তুতির সময় কোনও অতিরিক্ত ভাড়া ধার্য করা হবে না।
টিকিট পরিবর্তন করা যাবে না, এবং বাতিল করলে কোনও রিফান্ড পাওয়া যাবে না।
রেল ট্রাভেল কুপন, ভাউচার, পাস ও পিটিও’র ক্ষেত্রেও ছাড় প্রযোজ্য নয়।
রেল বোর্ড দেশের সকল জোনাল রেলওয়েগুলিকে নির্দেশ দিয়েছে, এই স্কিমের ব্যাপারে যথাযথ প্রচারের জন্য সংবাদমাধ্যম, প্রেস বিজ্ঞপ্তি এবং রেলস্টেশন গুলোতে ঘোষণা নিশ্চিত করতে।
এই স্কিমকে উৎসবকালে রেল ভ্রমণ আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জানিয়েছে রেল। কিন্তু শর্তাবলী দেখে কতজন যাত্রী আদৌ এই সুবিধে নিতে পারবেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। শর্তাবলীর একটি শর্ত হিসেব করলে আরও একটি জিনিস পরিষ্কার হচ্ছে যে, যাওয়ার টিকিট শেষ কাটার দিন ২৬ শে অক্টোবর। আর ফেরার টিকিট প্রথম কাটার দিন ১৭ ই নভেম্বর। অর্থাৎ এই সুবিধা পেতে গেলে যাওয়া ও আসার ব্যবধান কমপক্ষে ২৩ দিনের থাকতে হবে। পাশাপাশি এই বছর দুর্গাপুজো সেপ্টেম্বর মাসের শেষে পড়েছে। সেক্ষেত্রে পুজোর ছুটিতে এই সুবিধা পাবেন না যাত্রীরা।

