নিজের আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ নিয়ে বিতর্কের পর তীব্র ক্ষোভ প্রকাশ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। তিনি অভিযোগ করেছেন, কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে গত ১৬ অগস্ট ট্রেলার প্রদর্শনী হঠাৎই বন্ধ করে দেওয়া হয়। এটি “আগে থেকেই পরিকল্পিত” ছিল। তাঁর দাবি,“সরকারি হস্তক্ষেপ” ছাড়া ১৫০-২০০ অতিথি এবং প্রচুর সংবাদমাধ্যম উপস্থিত থাকা অবস্থায় এত বড় মাপের অনুষ্ঠান হঠাৎ বন্ধ করা সম্ভব নয়।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অগ্নিহোত্রী বলেন, “ভারতের অন্যতম সেরা ফাইভ স্টার হোটেলে, বিশাল এলইডি স্ক্রিনে ট্রেলার চলছিল। হঠাৎ একজন এসে তার কেটে দেয়। এটি নিছক দুর্ঘটনা নয়, আগে থেকেই পরিকল্পিত ছিল।” পরিচালক জানান, তাঁকে পরে জানানো হয় যে “শীর্ষ কর্তৃপক্ষ” ট্রেলারের কিছু অংশে আপত্তি জানিয়েছিলেন। তাই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।
অগ্নিহোত্রী আরও বলেন, ট্রেলার লঞ্চের জন্য প্রথমে যে মাল্টিপ্লেক্সে বুকিং করা হয়েছিল, সেটি হঠাৎ বাতিল করে দেওয়া হয়। এরপর অন্য একটি মাল্টিপ্লেক্সও শেষ মুহূর্তে অনুষ্ঠান করতে রাজি হয়নি। তাদের ভাষায়, “যদি তারা ট্রেলার প্রদর্শন করে তবে, রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন হবে”।
বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করে বলেন, “সরকারের হাতে এত ক্ষমতা রয়েছে যে তারা যখন খুশি, যেখানে খুশি কোনও অনুষ্ঠান বন্ধ করে দিতে পারে।” ছবিটি বাংলায় মুক্তি পাবে কি না, সেই প্রশ্নে অগ্নিহোত্রী আশা প্রকাশ করেছেন যে, “সরকার নিজস্ব জনগণের অধিকার কেড়ে নেবে না।” তবে যদি মুক্তি আটকানো হয়, তবে তিনি ভারতের সংবিধান ও আইনকে ভরসা করে আদালতে লড়াই করবেন।
অগ্নিহোত্রীর বক্তব্য, “আমি আশা করি, ঈশ্বর তাদের বুদ্ধি দেবেন যাতে তারা এমন বোকামি না করেন, যা নিজেদের জনগণের অধিকার কেড়ে নেয়। তবে যদি তা হয়, আমি সংবিধান ও আইনের উপর আস্থা রেখে লড়াই করব।”
