হিংসা ও অশান্তি সম্পর্কিত আটটি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করল পাক সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার এই আবেদন মঞ্জুর করেছে পাক শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।এই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান নিজেই।
২০২৩ সালের ৯ মে পিটিআই সমর্থকরা ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে হিংসা আর বিক্ষোভে জড়িয়ে পড়ে। সামরিক দফতর ও রাষ্ট্রীয় মালিকানাধীন দফতরেও হামলা ও ভাঙচুর চালানো হয়।এই ঘটনায় দলের নেতা ও কর্মীসহ হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। ওই হিংসা ও অশান্তি সংক্রান্ত মামলার মধ্যে লাহোর কর্পস কমান্ডারের বাসভবনে হামলার মামলাও ছিল। ২০২৪ সালের নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত এইসব মামলায় ইমরান খানের জামিনের আবেদন প্রত্যাখ্যান করে।
পরে ২০২৫ সালের ২৪ জুন লাহোর হাইকোর্টও প্রাক্তন প্রধানমন্ত্রীর আপিল খারিজ করে দেয়।এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ জামিনের আদেশ দেন। বেঞ্চে বিচারপতি হাসান আজহার রিজভি ও বিচারপতি মহম্মদ আলি মাজহারও ছিলেন। তবে আট মামলায় জামিন পেলেও ইমরান খানের এখনই মুক্তির সম্ভাবনা নেই। কারণ সরকারি উপহার আত্মসাত ও দুর্নীতির মামলা সহ ইমরান খানের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।এসব মামলায় ২০২৩ সালের অগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।
