২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমেই শান্তাকুমারন শ্রীসন্থকে চড় মেড়ে বিতর্কে জড়িয়েছিলেন হরভজন সিং। মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (অধুনা পাঞ্জাব কিংস) ম্যাচের শেষে ঘটেছিল এই ঘটনা। পরবর্তীতে যা পরিচিতি পায় ‘স্ল্যাপগেট’ কাণ্ড নামে। তবে এই ঘটনার মূল ভিডিয়ো ফুটেজ কখনওই সামনে আসেনি। তা কার্যত গোপন রাখাই হয়েছিল আইপিএল কর্তৃপক্ষের তরফে। অবশেষে শ্রীসন্থকে ভাজ্জির চড় মারার সেই বিতর্কিত ফুটেজ সামনে আনলেন ললিত মোদি।
আইপিএলের প্রাণপুরুষ ছিলেন প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। সম্প্রতি তিনি একটি পডকাস্টে মুখোমুখি হন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের। যিনি দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন ত্বকের ক্যানসারে। এই পডকাস্টেই ১৮ বছর পর তিনি প্রকাশ্যে এনেছেন হরভজন এবং শ্রীসন্থের মধ্যে ঘটে যাওয়া ঘটনার অদেখা ফুটেজ। যা বিশ্বব্যাপী সম্প্রচারে দেখানো হয়নি।
ফুটেজটি শেয়ার করতে গিয়ে ললিত বলেন, “খেলা শেষ হয়ে গিয়েছিল। ক্যামেরা বন্ধ ছিল। তবে আমার একটি নিরাপত্তা ক্যামেরা চালু ছিল। তাতেই শ্রীসন্থ এবং ভাজ্জির মধ্যেকার ঘটনাটি ধরা পড়েছিল। ভাজ্জি কেবল ওকে হাত ঘুরিয়ে একটি চাপড় মারে।” এরই সঙ্গে যোগ করেছেন, “আমি এতদিন এটা প্রকাশ করিনি। এর জন্য ১৮ বছর পিছিয়ে যেতে হবে আমাদের।”
সম্প্রতি শ্রীসন্থকে চড় মারার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন স্বয়ং হরভজন সিং-ও।
রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে হাজির হয়ে তিনি জানান, এই ঘটনার জন্য শ্রীসন্থের বাচ্চা মেয়ে তাঁকে ক্ষমা করতে পারেনি। সেই প্রসঙ্গে বলেন, “এই একটা ঘটনাই যা আমি আমার জীবন থেকে মুছে ফেলতে চাই। যা ঘটেছিল তা ভুল ছিল। আমি এর জন্য ২০০ বার ক্ষমা চেয়েছি। তবু এখনও মনে পড়লে খারাপ লাগে। তাই যখনই সুযোগ পাই, ক্ষমা চেয়ে নিই।”
