
তামিলনাড়ুতে আগামী সাত দিনের মধ্যেই শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR। মাদ্রাজ হাইকোর্টে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের ভোটার তালিকা সংশোধনের অংশ হিসেবেই এই সমীক্ষা শুরু হবে। ফলে এখন প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গেও কি খুব শিগগিরই শুরু হবে SIR?
বিহারে SIR শেষ হওয়ার পর থেকেই বাংলায় এই সমীক্ষা নিয়ে জল্পনা বাড়ছে। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে শুনানিতে কমিশনের স্থায়ী আইনজীবী নিরঞ্জন রাজাগোপালন জানান, এক সপ্তাহের মধ্যে তামিলনাড়ুতে সমীক্ষা শুরু হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তা পরিচালিত হবে। এই খবর প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, যেহেতু বাংলায় আগামী সাত-আট মাস পরই বিধানসভা নির্বাচন, তাই খুব শিগগিরই এখানেও SIR শুরু হতে পারে।
রাজনৈতিক মহলের ধারণা, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে কমিশন চাইবে সব রাজ্যে ভোটার তালিকা হালনাগাদ করতে। কারণ, তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গ, অসম, কেরল ও পুদুচেরিতেও ২০২৬ সালে বিধানসভা নির্বাচন নির্ধারিত। তাই দুই বড় রাজ্যে কাছাকাছি সময়ে SIR সম্পন্ন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
রাজ্য প্রশাসনিক স্তরেও প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর। BLO ও নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে আপডেট তথ্য প্রস্তুত রাখতে। তবে নির্বাচন কমিশন এখনো বাংলার ক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণা করেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কমিশনের পরবর্তী পদক্ষেপই ঠিক করবে, বাংলায় ভোট প্রস্তুতির গতি কতটা তীব্র হবে।
তামিলনাড়ুতে SIR শুরু হওয়ার খবর সামনে আসতেই বাংলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষই পরিস্থিতির দিকে কৌতূহলী নজর রাখছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সমীক্ষাই হতে পারে পরবর্তী রাজনীতির প্রথম পদক্ষেপ।
