
ডেনমার্ক সরকার ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছে। সরকারের দাবি, অল্প বয়সে বাচ্চারা ক্ষতিকর কনটেন্ট, সহিংসতা ও মানসিক চাপের মধ্যে পড়ছে, যা তাদের সুস্থ বিকাশে বাধা তৈরি করছে। নতুন আইন অনুযায়ী, শুধুমাত্র বিশেষ অনুমোদনের ভিত্তিতে ১৩ বছর বয়স থেকে কিছু শিশু সীমিতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে।
সরকার জানিয়েছে, বর্তমানে দেশটির ১৩ বছরের নিচে প্রায় ৯৪ শতাংশ শিশু অন্তত একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়। তাই শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে নিষেধাজ্ঞা কার্যকর হতে কিছুটা সময় লাগবে, কারণ সংসদে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হলে তা প্রয়োগ করা সম্ভব নয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অন্যতম প্রথম দেশ হতে যাচ্ছে, যারা শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সরাসরি সীমাবদ্ধতা আরোপ করবে। সরকার জানিয়েছে, দেশের ইলেকট্রনিক আইডি সিস্টেম ও বিশেষ বয়স যাচাইকরণ অ্যাপ ব্যবহার করে নিয়ন্ত্রণ কার্যকর করা হবে।
অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, আর এবার ইউরোপে সেই পথে হাঁটছে ডেনমার্ক। সরকারের মতে, এই পদক্ষেপের লক্ষ্য শিশুদের ডিজিটাল জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা নয়, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপরও কঠোর নজরদারি থাকবে, যাতে তারা সঠিকভাবে বয়স যাচাই ব্যবস্থা মেনে চলে এবং শিশুদের অনুপযুক্ত কনটেন্ট থেকে রক্ষা করা যায়।
