
টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টি-২০ সিরিজে বড় বদল ভারতীয় দলে। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেলেন অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার। দীর্ঘ তিন বছর পর আবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফিরছেন তিনি।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ভডোদরার বিসিএ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বোলিং করার সময় ডানদিকের পাঁজরে চোট পান ওয়াশিংটন সুন্দর। সেই চোট এতটাই গুরুতর যে তিনি শুধু ওডিআই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচই নয়, টি-২০ সিরিজ থেকেও ছিটকে যান। এর ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপে তাঁর দলে থাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হল।
এই পরিস্থিতিতে নির্বাচকদের নজর পড়েছে শ্রেয়াস আইয়ারের দিকে। ২০২৩ সালে শেষবার আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন তিনি। এরপর ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ দলেও জায়গা পাননি। যদিও আইপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে চলেছেন শ্রেয়াস। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেন তিনি। পরের মরসুমে পাঞ্জাব কিংসের হয়ে রানার্স আপ হন। ২০২৫ আইপিএলে তাঁর ব্যাট থেকে আসে ৬০৪ রান, স্ট্রাইক রেট ছিল নজরকাড়া ১৭৫।
বিসিসিআই আরও জানিয়েছে, চোট পাওয়া তিলক ভার্মার পরিবর্ত হিসেবেই টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে শ্রেয়াস আইয়ারকে দলে রাখা হয়েছে। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার রবি বিষ্ণোইকে।
টি-২০ বিশ্বকাপের আগে এই সিরিজ শ্রেয়াসের কাছে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ। ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপের টিকিটও পাকা করতে পারেন এই মিডল অর্ডার ব্যাটার।
